বিমানের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের পাঁচ মামলা
তিন কোটি ২৪ লাখ ৪৫ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রোববার বিমানবন্দর থানায় মামলা পাঁচটি দায়ের করেন দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন আবু সালেহ চৌধুরী এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত ১০ কর্মকর্তা হলেন ফরিদউদ্দিন আহমেদ (ক্যাশ অ্যান্ড ব্যাংকিং), হিসাব (বেতন) বিভাগের সাবেক কর্মকর্তা হারুন-অর রশীদ, হিসাব (ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) বিভাগের সাবেক কর্মকর্তা এম এ এস টি চৌধুরী, সাবেক ব্যবস্থাপক (বেতন) মোহাম্মদ জিন্নাহ, হিসাব বিভাগের সাবেক কর্মকর্তা মীর আজিজুর রহমান, সাবেক সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস, ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) এম এ রব, সাবেক ব্যবস্থাপক (অ্যাকাউন্টস) এম এ আউয়াল, সাবেক সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস, ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) নুর মোহাম্মদ, সাবেক হিসাব কর্মকর্তা গোলাম মোস্তফা ও সাবেক ব্যবস্থাপক (ক্যাশ অ্যান্ড ব্যাংকিং) আবদুল মালেক।দায়ের করা নথি থেকে বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিভিন্ন কর্মকর্তার যাতায়াত-ভাতা এবং অন্যান্য ভাতার জাল ভাউচার তৈরি করে অভিযুক্ত কর্মকর্তারা টাকা আত্মসাত্ করেছেন। ২০০০ সালের ডিসেম্বর থেকে অক্টোবরের ২০০৫ পর্যন্ত সময়কালে এসব ঘটনা ঘটেছে।