বিমানের ৭ পাইলটকে নোটিশ, আবার আন্দোলনের প্রস্তুতি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পাইলটদের গত অক্টোবরের আন্দোলনে উসকানিদাতা হিসেবে ১৯ পাইলটকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে তাঁদের মধ্যে সাত পাইলটকে সরাসরি অভিযুক্ত করা হয়।বিমান সূত্র জানায়, এই সাত পাইলটকে গতকাল বৃহস্পতিবার বিমান কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একে কেন্দ্র করে বিমানের কর্মীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) গত রাতে জরুরি বৈঠক ডাকে। পাইলটরা আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।বিমান সূত্রে জানা গেছে, বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকারের সই করা নোটিশে বাপার ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আবুল বাসেত মাহতাব, জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন এস এম হেলাল, ক্যাপ্টেন মাহবুব, ক্যাপ্টেন মাকসুদ, ক্যাপ্টেন শাহ আলম ও ক্যাপ্টেন ইশতিয়াককে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, ওই সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে নোটিশপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ ব্যতিরেকে কর্তৃপক্ষ একতরফা সিদ্ধান্ত নেবে। অথবা বক্তব্য সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ আবার বিভাগীয় তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্ত সম্পন্ন এবং সুপারিশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গত বছরের অক্টোবরে পাইলটদের গণহারে অসুস্থতা ও কর্মবিরতি বিষয়ে বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন শেখ নাসেরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে বাপার চিঠির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জানায়, এটা অনানুষ্ঠানিক ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’। এ কমিটি গত ২২ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয়। বাপার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটা একতরফা তদন্ত কমিটি। তাতে নিয়মানুযায়ী বাপার প্রতিনিধি রাখা হয়নি। এ নিয়ে একাধিকবার বাপা চিঠি দিয়েছিল। কিন্তু গত ২৫ নভেম্বর বিমান কর্তৃপক্ষ বাপাকে চিঠি দিয়ে জানায়, এটি অনানুষ্ঠানিক তদন্ত, তাই প্রতিনিধি রাখার প্রয়োজন নেই। এখন অনানুষ্ঠানিক তদন্তের পরিপ্রেক্ষিতে কাউকে অভিযুক্ত করা ঠিক কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাইলটরা। তার ওপর তদন্ত করা হয়েছে যাঁদের কারণে পাইলটরা আন্দোলনে গেছেন, তাঁদের দিয়ে। ফলে সে তদন্তের গ্রহণযোগ্যতা নিয়েও তাঁদের আপত্তি। উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর থেকে আন্দোলনে যায় বাপা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৯ অক্টোবর পাইলটরা কর্মসূচি প্রত্যাহার করেন।