বিমানের ‘কাবো’ দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধান
বাংলাদেশ বিমানের জন্য নাইজেরিয়ার কাবো এয়ারলাইনস থেকে উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে কাবোর স্থানীয় এজেন্ট হিসেবে পরিচিত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত তিন কর্মকর্তা ও বিমানের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয় খতিয়ে দেখা হচ্ছে।দুদক সূত্র জানায়, বিমানের হজ ফ্লাইট পরিচালনার জন্য বিতর্কিত কাবো এয়ারলাইনস থেকে একটি উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম ও ‘কমিশন বাণিজ্যের’ অভিযোগ রয়েছে। আর এতে বিমানের বিভিন্ন শাখার ১২ জন কর্মকর্তা, তিনজন কর্মচারী, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত দুজন কর্মকর্তা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে।জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সম্পূর্ণ অনুসন্ধান শেষে কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ তিনি জানান, দুদকের উপপরিচালক নূর হোসেন এ ব্যাপারে অনুসন্ধান করছেন।দুদক সূত্র জানায়, ইতিমধ্যে অনুসন্ধান অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটের জন্য ২০০৮ সালে কাবো এয়ারলাইনসের একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ ভাড়া করা হয়। তখনই এ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অতিরিক্ত অর্থ পরিশোধের কারণে ওই বছর হজ ফ্লাইট পরিচালনা শেষে বিমান কর্তৃপক্ষ কাবোর কাছে টাকা পাওনা হয়। ওই পাওনা আদায়ের জন্য কাবোর উড়োজাহাজটি বছরখানেক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (সাবেক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) আটকে রাখা হয়। পরে কাবো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল, ২০০৯ সালের হজ ফ্লাইট পরিচালনার সুযোগ পেলে তারা ২০০৮ সালের পাওনা পুষিয়ে দেবে। সেভাবেই ২০০৯ সালের বিমানের হজ ফ্লাইট পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু হজ ফ্লাইট শুরুর অল্প কদিন আগে কাবো কর্তৃপক্ষ উড়োজাহাজ ভাড়া দিতে অপারগতা জানায়। তখন এটাকে অজুহাত দেখিয়ে বিমান কর্তৃপক্ষ একটির স্থলে ওরিয়েন্ট থাই এয়ারলাইনস থেকে দুটি উড়োজাহাজ ভাড়া করে, তাও অতিরিক্ত ভাড়ায় (প্রতি ঘণ্টা সাত হাজার ৯০০ ডলারে)। এরপর সেই কাবো কর্তৃপক্ষ আবার তাদের উড়োজাহাজ ভাড়া দিতে তদবির শুরু করে। তখন প্রয়োজন না থাকা সত্ত্বেও বিমান কর্তৃপক্ষ কাবোর উড়োজাহাজটি ভাড়া করে (প্রতি উড্ডয়ন ঘণ্টা পাঁচ হাজার ৩০০ মার্কিন ডলার দরে)। অভিযোগ রয়েছে, হজের জন্য ভাড়া করা হলেও কাবোর সঙ্গে চুক্তি করা হয় ছয় মাসের। ছয় মাস শেষে ভাড়ার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়। ভাড়ার চুক্তিতে শর্ত ছিল, উড়োজাহাজটি উড্ডয়ন না করলেও কাবোকে মাসে ২০০ ঘণ্টার (গ্যারান্টি আওয়ার) ভাড়া দিতে হবে। ওই অবস্থায় বিমানের নিজস্ব উড়োজাহাজ বসিয়ে রেখে কাবোর ভাড়া করা উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট করিয়েও গ্যারান্টি আওয়ার পূরণ করা যায়নি।দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সন্দেহভাজন কর্মকর্তাদের যোগসাজশেই কাবোর ভাড়া বাবদ প্রায় ৮১ কোটি টাকা দিতে বিমান বাধ্য হয়েছে। এই টাকার একটা অংশ কাবোর স্থানীয় এজেন্টের মাধ্যমে বিমানের ওই সব কর্মকর্তার পকেটে গেছে। জানা গেছে, এ-সংক্রান্ত নথিপত্র অনুযায়ী, কাবোর ওই উড়োজাহাজ ২৬ বছরের পুরোনো। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) আইন অনুযায়ী, ২০ বছরের বেশি পুরোনো উড়োজাহাজ নিবন্ধনের সুযোগ নেই। যেকোনো উড়োজাহাজ দেশের কোনো বিমান সংস্থার বহরে যুক্ত হতে হলে বাংলাদেশের সিভিল এভিয়েশনের নিবন্ধন বাধ্যতামূলক। সিভিল এভিয়েশন সূত্র জানায়, ২০০৮ ও ২০০৯ সালে বিশেষ বিবেচনায় নিয়ম ভেঙে কাবোর উড়োজাহাজটি নিবন্ধন ছাড়াই উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। কিন্তু ২০১০ সালে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বাংলাদেশকে চিঠি দিয়ে জানায়, ২০ বছরের অধিক পুরোনো উড়োজাহাজ দিয়ে তাদের দেশে ফ্লাইট পরিচালনা করা যাবে না। তাই বাংলাদেশ কর্তৃপক্ষ গত বছর আর এটিকে বিশেষ বিবেচনায় উড্ডয়নের অনুমতি দেয়নি।কিন্তু কাবোর উড়োজাহাজটি হজ ফ্লাইটের ভাড়া করা, তাই বিশেষ বিবেচনায় অনুমতির জন্য বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি মাঠে নামে। এর সঙ্গে যুক্ত হন বিমানের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তাও। এ নিয়ে বিমানমন্ত্রীর সঙ্গে তাঁদের বিরোধ চরমে পৌঁছায়। গত বছরের মাঝামাঝি সময়ে কাবোর পক্ষে-বিপক্ষে সংসদীয় কমিটি, বিমানের চেয়ারম্যান ও বিমানমন্ত্রী দফায় দফায় সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। দুদকের অনুসন্ধানে এসবের নেপথ্য কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।এ ব্যাপারে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) জাকীউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। এ বিষয়ে কিছু বলতে চাই না।’