বিমার অনুমোদন পেতে শেখ হেলালের নাম ব্যবহার করে জালিয়াতি
বিমা কোম্পানি খোলার আবেদন নিয়ে জালিয়াতির ঘটনা ঘটছে। কেউ কেউ প্রভাবশালীদের নাম ব্যবহার করে আবেদন করছেন বলে জানা গেছে।সম্প্রতি এ রকম একটি ঘটনা ধরা পড়েছে এবং অর্থ মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখছে। গত ২৫ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের সূত্র ধরে জালিয়াতির ঘটনা চিহ্নিত করা হয়েছে।‘বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অসংখ্য আবেদন, নানা তদবির’ শীর্ষক এই সংবাদে বলা হয়েছিল, সাংসদ শেখ হেলালের নামে একটি বিমা কোম্পানির জন্য অনুমোদন চাওয়া হয়েছে। এ বিষয়ে তাঁর একটি বক্তব্যও ছাপা হয়। তবে শেখ হেলাল এ বিষয়ে প্রতিবাদ করলে জালিয়াতির ঘটনা ধরা পড়ে। জানা গেছে, শেখ হেলালের নাম ব্যবহার করে আবেদন করা হয় এবং আবেদনপত্রে যে ফোন নম্বর দেওয়া আছে, সেখানে ফোন করলে আবেদনকারী নিজেকে শেখ হেলাল পরিচয় দিয়ে কথাও বলেন।বিষয়টি ধরা পড়লে বিভিন্ন সংস্থা তা তদন্ত করছে বলে জানা গেছে।শেখ হেলালের প্রতিবাদ: গত ২৫ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য অসংখ্য আবেদন, নানা তদবির’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়ে সাংসদ শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘প্রথম আলোর কোনো প্রতিবেদকের সঙ্গে আমার টেলিফোনে বা সরাসরি কোনো কথা হয়নি। আমি আমার নামে কোনো ইনস্যুরেন্স কোম্পানির জন্য আবেদনপত্র জমা দিইনি। তাই তদবিরের প্রশ্নই আসে না। প্রতিবেদক যোগাযোগ করলে আমি তাঁকে এ কথাই জানাতাম। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিত্সাধীন থেকে গত ২৩ ডিসেম্বর দেশে ফিরি। এ ধরনের কাল্পনিক সাক্ষাত্কার আমাকে বিস্মিত করেছে। তবে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে কেউ কোনো আবেদন করেছে কি না, তা যাচাই করে বের করার নির্দেশ দিয়েছি। তদন্ত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’প্রতিবেদকের বক্তব্য: সাউথবেঙ্গল মাইক্রো লাইফ ইনস্যুরেন্স কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য করা আবেদনপত্রের অগ্রগতি জানতে চেয়ে গত ৩ সেপ্টেম্বর অর্থসচিবের কাছে একটি আধাসরকারি পত্র (ডিও) আসে সাংসদ শেখ হেলাল উদ্দিনের নামে। আবেদনপত্রে টেলিটকের দুটি নম্বর দেওয়া রয়েছে। বক্তব্য নিতে প্রথম নম্বরটিতে চলতি মাসের মাঝামাঝি একদিন সন্ধে ছয়টার দিকে ফোন করে সাংসদ শেখ হেলাল উদ্দিন বলছেন কি না জানতে চাইলে তিনি নিজেকে শেখ হেলাল উদ্দিন বলে পরিচয় দেন। ব্যস্ততার কথা বলে রাত নয়টার পর আবার ফোন করতে বলেন তিনি। একই দিন রাত সাড়ে নয়টার দিকে তাঁর সঙ্গে কথা হয় আট থেকে ১০ মিনিট। সেই ভিত্তিতেই বক্তব্য প্রকাশ টকরা হয়।