বিমূর্ত ধারার শিল্পী কিবরিয়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিমূর্ত ধারার চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৩১ মে থেকে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তাঁর মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আগামী শুক্রবার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বিদেশে অবস্থানরত তাঁর এক ছেলে দেশে ফেরার পর ১০ জুন মোহাম্মদ কিবরিয়া মরদেহ দাফন করা হবে বলে বাসস জানিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট এই চিত্রশিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মোহাম্মদ কিবরিয়া ১৯২৯ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। ১৯৫১ সাল থেকে তিনি বাংলাদেশের (তত্কালীন পূর্ব পাকিস্তান) বাসিন্দা হয়ে যান। ১৯৫২ সালে তিনি জাপানে যান। সেখানে তিনি বিমূর্ত ধারার চিত্রকর্ম নিয়ে পড়াশোনা শেষে ছবি আঁকা শুরু করেন।শিল্পী মোহাম্মদ কিবরিয়ার চিত্রকর্মে সব সময়ই প্রকৃতি প্রাধান্য পেত। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তাঁর ছবিতে যেমন নীরবতা ছিল, তেমনি ব্যক্তিগত ও কর্মজীবনেও কিবরিয়া নীরবতা ভালোবাসতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।