বিয়ে করবেন না রাহুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করবেন না রাহুল গান্ধী। অকপটে এ মন্তব্য করে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের এই নেতা আরও বলেছেন, প্রধানমন্ত্রীর দৌড়ে লড়ার কোনো ইচ্ছাও তাঁর নেই। গত মঙ্গলবার লোকসভার অধিবেশন চলার এক ফাঁকে পার্লামেন্ট সেন্ট্রাল হলে সতীর্থ সাংসদ ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আড্ডার সময় কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল এসব কথা বলেন।ভারতে সবচেয়ে যোগ্যতম অবিবাহিত পুরুষদের একটি তালিকা করলে প্রথমেই আসবে রাহুল গান্ধীর নাম। কিন্তু ওই আড্ডায় তিনি জানান, বিয়ে করার কোনো ইচ্ছা তাঁর নেই। পরিবারতন্ত্রের কোটর থেকে বের করে তাঁর দল কংগ্রেসকে অধিকতর গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যাপারে নিজের স্বপ্নের কথাও জানান রাহুল গান্ধী।রাহুল বলেন, বিয়ে করলে সামাজিক মান-মর্যাদা নিয়ে তিনি নাকি অধিকমাত্রায় সচেতন হয়ে পড়বেন। একই সঙ্গে তাঁর সামাজিক ও রাজনৈতিক অবস্থান তাঁর সন্তানদের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘আমি যদি বিয়ে করি এবং আমার সন্তান হয়, তাহলে আমিও অন্যদের মতোই চাইব সন্তানেরা আমার জায়গা নিক।’ বিয়ে করলে তাঁর দল কংগ্রেসকে বিকেন্দ্রীকরণ ও আরও বেশি গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যাপারে তাঁর ইচ্ছা ও স্বপ্ন বাধাগ্রস্ত হবে। পরিবারতন্ত্রের অচলায়তন থেকে কংগ্রেসের রাজনীতিকে বের করে নিয়ে আসতে চাইছেন বলে জানিয়েছেন তিনি।সম্প্রতি রাহুল গান্ধী বিয়ে করবেন না বলে একটি খবর ভারতের বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়েছিল। ব্যাপারটি নিয়ে রাহুল গান্ধীকে বিভিন্ন সময়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গেছেন। রাহুল জানিয়েছিলেন, যথাসময়ে বিয়ে-সংক্রান্ত ব্যাপারে নিজের বক্তব্য তিনি তুলে ধরবেন। কাল দিল্লির পার্লামেন্ট সেন্ট্রাল হলে নিজের বিয়ে-সংক্রান্ত খবরটিকেই সত্যি বলে প্রমাণ করলেন ইন্দিরা গান্ধীর দৌহিত্র।এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নেই। সম্প্রতি রাহুল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে তিনি ২০১৪ সালে অনুষ্ঠেয় পরবর্তী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে কংগ্রেসের প্রার্থী হতে যাচ্ছেন।রাহুল এমন সময়ে এ কথাটি বললেন, যখন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী প্রার্থী করে মাঠে নামার ব্যাপারে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি অনেকদূর এগিয়ে গেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসও মোদির বিপরীতে রাহুল গান্ধীর ভাবমূর্তি জোরালোভাবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। রাহুলের ওই মন্তব্যের পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।এদিকে রাহুলের এই মন্তব্যকে ‘ব্যক্তিগত’ হিসেবে আখ্যা দিয়েছে কংগ্রেস। তড়িঘড়ি সংবাদ সম্মেলন ডেকে দলের মুখপাত্র রশিদ আলভী জানিয়েছেন, এটিই যে রাহুলের চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘কংগ্রেসের প্রত্যেক কর্মীই চায় রাহুল গান্ধী একদিন দলের হাল ধরবেন। আমরা নিশ্চিত যে আমাদের এই ইচ্ছা অবশ্যই বাস্তবায়িত হবে।’ তিনি বলেন, রাহুল গান্ধীর এই বক্তব্য প্রমাণ করেছে, তিনি ও তাঁর মা সোনিয়া গান্ধী নিজেদের স্বার্থের রাজনীতি করেন না।রাহুল গান্ধীর বয়স এখন ৪২ বছর। তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী বিয়ে করেছেন অনেক আগেই। বোন মনে-প্রাণেই চান ভাইয়ের বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি। কিন্তু ব্যাপারটি অনেক দিন ধরেই ঝুলিয়ে রেখেছেন রাহুল। ২০০৪ সালে কলোম্বীয় বংশোদ্ভূত এক স্প্যানিশ নারীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশিত হয়। কিন্তু সেই সম্পর্কে বাদ সাধেন তাঁর মা সোনিয়া। সোনিয়া চান না যে কোনো বিদেশি নারী রাহুলের জীবনে আসুক। মায়ের আপত্তিতেই বিয়ের ব্যাপারে রাহুল এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক।