বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়েন মনির
বিয়ে করতে রাজি না হওয়ায় ইডেন কলেজের ওই ছাত্রীর ওপর অ্যাসিড ছুড়েছেন মনির উদ্দিন (২৭)। তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে আজ শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম। সকাল ১০টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের তথ্যকেন্দ্রে এই ব্রিফিং দেওয়া হয়।মনিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করে মনির উদ্দিন বলেন, দুই-তিন বছর আগে তাঁর সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল। ছয়-সাত মাস আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ঘটনার দিন জরুরি কথা আছে বলে মনির ওই ছাত্রীকে রাজধানীর চানখাঁর পুল কাজি অফিসে নিয়ে জোর করে বিয়ে করতে চান। ছাত্রীটি এতে রাজি না হওয়ায় মনির তাঁকে ছুরিকাঘাত করেন ও গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান।উপকমিশনার জানান, খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তিনি মিয়ানমারে পালানোর চেষ্টা করেন। রংগুর স্ত্রীর সহযোগিতায় গতকাল সকালে ডিবির একটি দল মনিরকে গ্রেপ্তার করে। এর আগে দুই দিন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমানের নেতৃত্বে ডিবির দুটি দল রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় মনিরকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের মৃত আবু তাহেরের ছেলে মনিরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। এ জন্য তাঁকে আজ আদালতে পাঠানো হবে।