বিয়ের পর নারীর নাম বদলে যাবে!
বিয়ের পর অনেক নারীর নিজের নামের সঙ্গে যুক্ত হয় স্বামীর নাম বা পদবি। কেউ সেটা করেন স্বেচ্ছায়, কেউ-বা অনিচ্ছায়। বিশ্ব জুড়ে ১৯২০ সাল থেকে এই প্রথা চলে আসছে।দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় থেকেই নারীরা তাঁদের নামের শেষে স্বামী পদবি জুড়ে দেন। সেটা হোক ইচ্ছায় বা অনিচ্ছায়। এরপর অনেক কিছু বদলেছে, সমাজব্যবস্থায় এসেছে নানা পরিবর্তন। কিন্তু স্বামীর পদবি যুক্ত করার সেই প্রথা আজও বহাল আছে। সময়ের পরিক্রমায় এখন অনেকেই ভাবতে শুরু করেছে, এখনো স্বামীর নামের শেষাংশ স্ত্রীর নামের সঙ্গে জুড়ে দেওয়া উচিত কি না।নারীবাদীদের অনেকে মনে করেন, এই প্রথাটি নারীর অতীত ও তাঁর বংশ পরিচয় মুছে দেওয়ার একটি চেষ্টা। আবার অনেকে বিষয়টি এতো খতিয়ে দেখতে রাজি নন। তাঁরা মনে করেন, নতুন পরিবারের একজন হিসেবে নিজেকে মানিয়ে নেওয়ার এটি একটি প্রচেষ্টা মাত্র।বিয়ের পর নামের সঙ্গে স্বামীর পদবি জুড়ে দেওয়ার বিষয়টিতে দোষের কিছু দেখেন না ভারতের ২৪ বছর বয়সী চাকরিজীবী রাশি দেব। তিনি বলেন, ‘আমি প্রথা অনুযায়ী নামের শেষ অংশে স্বামীর পদবি যুক্ত করেছি। সন্তানদের ভবিষ্যত্ নিয়ে চিন্তা করে আমি এটা করেছি। কারণ ভবিষ্যতে সে বাবা, নাকি মায়ের পদবি গ্রহণ করবে সেটা নিয়ে তাকে যেন দুর্ভাবনায় পড়তে না হয়।’ কিছু নারী পদবি পরিবর্তনকে সুবিধাজনক মনে করলেও কেউ কেউ তা পরিবর্তন না করার ব্যাপারেও কঠোর। তেমনই একজন রোমানা দাস। পেশায় একজন গণমাধ্যম কর্মী। তিনি বলেন, ‘আমার নামের শেষাংশ আমার বংশ পরিচয়। আমি বিয়ে করলেও তা পরিবর্তন করব না। এ জন্য আমি আমার জীবনসঙ্গীরও সহযোগিতা চাই।’তবে গবেষণা বলছে ভিন্ন কথা। ২০০৯ সালে একদল গবেষকের জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীর মধ্যে ৭১ শতাংশই মনে করেন বিয়ের পর নারীর পদবি বদল করা উচিত। ওই ৭১ শতাংশের আবার অর্ধেক মনে করেন, এ জন্য আইনি বাধ্যবাধকতাও থাকা উচিত।তবে সম্পর্কের গতিময়তা, ইতিবাচক পরিবর্তন, নিজেদের মধ্যে মুক্ত আলোচনা কিংবা সঙ্গীর সিদ্ধান্তের ওপর ছেড়ে দিলে বিষয়টি নিয়ে খুব একটা জটিলতা তৈরি হয়না। রোহিত ভার্মা নামে ভারতের এক বিজ্ঞাপন-কর্মী বিষয়টির ব্যাখ্যা দিলেন এভাবে, ‘নিজের নামের শেষে বিখ্যাত কোনো পদবি থাকতে হবে, এমন কথা নেই। তবে আমার যে নাম ও পদবি সেটাই আমার পরিচয়। এর সঙ্গে জড়িয়ে আছে কত স্মৃতি, জড়িয়ে আছে আমার পরিবার।’ তিনি বলেন, ‘আমি মনে করি, কোনো নারী তাঁর নামের সঙ্গে স্বামীর পদবি জুড়ে দেবেন কিনা, সেটা তার পছন্দ অনুযায়ী হওয়া উচিত। সব সময়ই প্রথা অনুসরণ করা উচিত নয়।’