বিরতি নিচ্ছেন অমিতাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত চিকিত্সার প্রয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পরিকল্পনা করেছেন বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। আর এ কারণে অভিনয়ে সাময়িক বিরতি টানারও সিদ্ধান্ত নিয়েছেন ৬৯ বছর বয়সী এই তারকা। ‘সেপ্টেম্বরের আগে নতুন কোনো কাজ হাতে নেবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ। এ মুহূর্তে হাতে নতুন যত কাজের প্রস্তাব আসছে তার সবই ফিরিয়ে দিচ্ছেন তিনি। কারণ, তিনি চিকিত্সার জন্য লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন। গত মাসে মুম্বাইয়ের একটি হাসপাতালে সিটি স্ক্যান করানোর পর পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক খবরে এমনটিই জানিয়েছে মিডডে। ‘গত ফেব্রুয়ারিতে পাকস্থলীতে অস্ত্রোপচারের পর থেকেই নানা জটিলতায় ভুগছেন অমিতাভ। গত মাসে তাঁর ব্যথার তীব্রতা প্রচণ্ড বেড়ে গেলে সিটি স্ক্যান করানো হয়। এর পরপরই উন্নত চিকিত্সার উদ্দেশ্যে তাঁকে লস অ্যাঞ্জেলেসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মে-জুন মাসে সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সেখানে শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হবে তাঁকে। এ জন্য সেপ্টেম্বরের আগে নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না তিনি।’ অবশ্য লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আগে রোহিত শেঠির ‘বোল বচ্চন’ ছবির শুটিংয়ে অংশ নেবেন অমিতাভ বচ্চন। কারণ, এ ছবিতে তাঁর চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ আর ছেলে অভিষেকও এতে অভিনয় করছেন। এ ছাড়া ছবির প্রযোজক অজয় দেবগনকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করেন অমিতাভ। কয়েক দিনের মধ্যেই বোল বচ্চন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।