বিরতিতে ব্ল্যাক ব্যান্ডের জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড প্রতিষ্ঠার এক যুগ পরে এসে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্ল্যাক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী জন। এখন থেকে ব্ল্যাকের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি ভোকাল দিয়ে কাজ সারার কথা ভাবছেন অন্য ব্যান্ড সদস্যরা। গতকাল শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এবিসি (আর্টসেল, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট) জেনারেশন আয়োজিত কনসার্টে অতিথি ভোকাল নিয়েই অনুষ্ঠান করেছেন ব্ল্যাক। রক ধারার এ ব্যান্ডটিতে গতকালের অনুষ্ঠানে অতিথি ভোকাল হিসেবে পারফর্ম করেছেন ডিএইচ ব্যান্ডের সদস্য মাসুক। তিনি বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী কনক চাঁপা এবং গীতিকার ও সুরকার মাঈনুল ইসলাম খানের একমাত্র পুত্র।সাময়িক বিরতি প্রসঙ্গে জন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি ও আমার স্ত্রী দুজনেই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ভাবছি। সেটার জন্য আমাদের নানাভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। আর তাই অনেক দিন ধরে নিজেকে ব্ল্যাকের বিভিন্ন শো থেকে দুরে রাখছি। এ মুহূর্তে ব্ল্যাকের একজন ভোকালের দরকার ছিল। তাই অন্য সদস্যরা মাসুককে অতিথি ভোকাল হিসেবে অন্তর্ভুক্ত করেছে।’অতিথি ভোকাল সম্পর্কে জন বলেন, ‘আমি চাইব ব্ল্যাকে আমার চেয়েও অনেক ত্যাগী এবং দক্ষ কেউ আসবেন। যাতে কেউ ব্ল্যাকের সুনাম নিয়ে কোনো কথা বলতে না পারে।’ সাময়িক বিরতির পর আবার ব্ল্যাকে যোগ দেওয়ার প্রসঙ্গে জন বলেন, ‘নিশ্চিত করে সেটা বলতে পারছি না। এটা আসলে পুরোটাই নির্ভর করছে আমি ও আমার স্ত্রীর পড়াশোনা শেষ হওয়ার পর। আমি নিজেকে আজীবন ব্ল্যাকের বাইরে কোনো কিছু ভাবতে পারব না।’অন্যদিকে ব্ল্যাক ব্যান্ডের আরেক সদস্য জাহান বলেন, ‘এটা আসলে জনের সাময়িক বিরতি। সবকিছু কাটিয়ে ওঠার পর জন আবার আমাদের সঙ্গে যোগ দেবেন। আর এই সাময়িক বিরতিতে ব্যান্ডের কার্যক্রম চালানোর জন্য আমাদের একজন অতিথি ভোকালের দরকার ছিল। তাই আমাদের সঙ্গে মাসুকের অন্তর্ভুক্তি। তবে এটা স্থায়ী কোনো ব্যাপার নয়।’জাহান এও বলেন, ‘আপাতত আমরা অতিথি ভোকাল দিয়ে কার্যক্রম চালাতে চাই। তবে খুব শিগগিরই এ ব্যাপারে হয়তো একটা সিদ্ধান্তে আমরা আসব।’এদিকে ব্ল্যাকে অতিথি ভোকাল হিসেবে গান করতে পেরে বেশ উত্ফুল্ল মাসুক। তিনি বলেন, ‘ব্ল্যাক আমার অনেক পছন্দের একটা ব্যান্ড। তাঁদের একজন হয়ে গান করতে পেরে খুবই ভালো লেগেছে। ব্ল্যাকের মতো একটি ব্যান্ড আমাকে এ ধরনের সুযোগ দেওয়াতে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ।’ব্ল্যাকের অ্যালবামগুলো হচ্ছে আমার পৃথিবী (২০০২), উত্সবের পর (২০০৩), আবার (২০০৮) আর ব্ল্যাক (২০১১)।উল্লেখ্য, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের তিন বন্ধু জন, জাহান ও টনি মিলে ১৯৯৮ সালে ব্ল্যাক ব্যান্ডের শুরুটা করেছিলেন। তারপর প্রথম অ্যালবাম আমার পৃথিবীর রেকর্ডিংয়ের আগে ব্যান্ডটিতে যোগ দেন তাহসান। ২০০৫ সালে ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে ব্ল্যাক ছাড়তে হয় তাঁকে।