বিরতির দান বিরক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে উত্তর দিতে খুব একটা দেরি করেন না। কিন্তু রিকি পন্টিং এবার যেন একটু থমকে গেলেন। সময় নিলেন, খানিকটা ভাবলেন। প্রশ্নটাই যেন ‘দুধারি তলোয়ার’, উত্তরটাও জুতসই হওয়া চাই। ভাবতে কিছুটা সময় লাগবে না!প্রশ্নটা নিউজিল্যান্ড ম্যাচের পর পাওয়া অস্ট্রেলিয়ার সাত দিনের বিরতি নিয়ে। ভালো হলো, না খারাপ? পন্টিং দুই নৌকাতে পা দিলেন বলেই হয়তো উত্তরটা একটু লম্বা হয়ে গেল। হুবহু তুলে দেওয়া যাক, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। বিরতি এমনিতে কখনো কারও ক্ষতি করে না। যদিও আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম দারুণভাবে, সবাই ছিল ফিট। এত বিরতি হয়তো ওদের দরকার ছিল না। দুটো ওয়ানডে ম্যাচের আগে এত লম্বা বিরতি খুব একটা দেখাও যায় না। তবে এই বিরতি আবার আমাদের তরতাজা করেও তুলেছে। এই ধরনের টুর্নামেন্টের প্র্যাকটিস সেশনের বেশির ভাগ জুড়েই আসলে ম্যাচের প্রস্তুতি। এই বিরতি আমাদের বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ করে দিয়েছে। তবে একই সঙ্গে এটাও ঠিক, লম্বা বিরতিতে মনোযোগ নড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক।’টানা খেলা যেমন ক্লান্তিকর, তেমনি খুব বেশি বিরতি হলেও ঝামেলা। ‘মোমেন্টাম’, জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস, ফর্ম এই ব্যাপারগুলোর কার্যকারিতা তখন কিছুটা হলেও কমে যায়। পন্টিং তাই ভেবে-চিন্তে সতর্ক উত্তরই দিয়েছেন। অস্ট্রেলীয় অধিনায়কের উচিত উত্তরটা মাথায় গেঁথে ফেলা, একই কথা তো আবার আওড়াতে হবে কদিন পরই। কারণ বিশ্বাস করুন আর না-ই করুন, অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ আবারও সাত দিন পর!এই বিশ্বকাপের ফিকশ্চার এমনই পাগলাটে। ২৫ ফেব্রুয়ারির পর অস্ট্রেলিয়া কাল প্রথম মাঠে নামল, এই সময়ের মধ্যে এটি আবার শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি খেলার পর ভারত তাদের দ্বিতীয় ম্যাচটি খেলল ঠিক সাত দিন পর! ২৩ ফেব্রুয়ারি হাম্বানটোটায় পাকিস্তান খেলল প্রথম ম্যাচ, প্রতিপক্ষ কেনিয়া দ্বিতীয়। অথচ তখনো মাঠেই নামা হয়নি দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের! ৫-৬ দিনের বিরতি তো পাচ্ছে বা পাবে সব দলই।গত বিশ্বকাপের সময় ‘দৈর্ঘ্য কমাও’ বলে মোটামুটি একটা রব উঠে গিয়েছিল। দৈর্ঘ্য কমানোর জন্য অনেক গবেষণা করে এবার সময় কমানো গেল মাত্র সপ্তাহ খানেক! ভাবছেন, লাভ তবে কী হলো? লাভ হলো, স্রেফ নামকাওয়াস্তে হলেও দৈর্ঘ্য কিছুটা কমল। হু হু করে বাড়তে থাকা জনপ্রিয়তার কারণে খেলাটা অনেক দিন ধরেই বাণিজ্যের বিকল্প নাম। সেই খেলাটার সবচেয়ে বড় আসর থেকে সর্বোচ্চ মুনাফা না করতে পারলে কি আর হয়! গ্যালারিতে দর্শক না থাকলেও তাই সমস্যা নেই। টিভি-স্বত্ব, স্পনসর গৌরী সেনের মতো টাকা তো জোগাচ্ছে। তাই যতই বাড়ুক ক্রিকেটার ও দর্শকের বিরক্তি, কিংবা ঝুলে যাক টুর্নামেন্ট, হয়ে পড়ুক ম্যাড়মেড়ে, মুনাফার খাতাটা তো ফাঁকা থাকছে না। বিশ্বকাপকে টেনে লম্বা করা তো এ কারণেই!