বিরল উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত ও তাঁর কক্ষ ভাঙচুর করার অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।চেয়ারম্যান মোকাররম হোসেন উপজেলা পরিষদের একটি গাড়ি ব্যবহার করতে চাইলে সেটি লিখিতভাবে বুঝে নেওয়ার জন্য তাঁকে চিঠি দেন ইউএনও এ কে এম আজাদুর রহমান। এতে অপমানিত বোধ করে গত বৃহস্পতিবার দুপুরে ইউএনওর কক্ষে গিয়ে তাঁকে কটু কথা বলেন এবং সেখানে ভাঙচুর চালান উপজেলা চেয়ারম্যান। এ ঘটনায় ওই দিন রাতেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিরল থানায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক আলী সরকার। দিনাজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মো. শওকত আলী জানান, মামলার পরিপ্রেক্ষিতে রাতে র‌্যাব ও পুলিশের একটি দল উপজেলা পরিষদের বাসভবন থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করে। গতকাল সকালে তাঁকে দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম ফজলুল হকের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে উল্লেখ করে গতকাল একটি সাধারণ ডায়েরি করেছেন ইউএনও আজাদুর রহমান।এদিকে ঘটনার তদন্তে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার স্বপন কুমার রায় গতকাল দিনাজপুরে গিয়ে ইউএনও আজাদুর রহমান, উপজেলা চেয়ারম্যানের স্ত্রী শাহনাজ পারভীন, উপজেলার ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশ আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান ক্ষিপ্ত অবস্থায় ইউএনওর কক্ষে ঢুকে ইউএনও আজাদুর রহমানের দিকে একটি কাগজ ছুড়ে মারেন। তাঁকে প্রশ্ন করেন, ‘উপজেলার মালিক আমি না তুই? আমার কথায় উপজেলা চলবে, না তোর কথায় চলবে?’ তিনি ইউএনওকে বকাঝকা করেন। একপর্যায়ে পেপারওয়েট দিয়ে ইউএনওর টেবিলের কাচ ভেঙে ফেলেন। টেবিলের ওপরে থাকা একটি ল্যাপটপ মেঝেতে ছুড়ে ভেঙে ফেলেন এবং টেবিলের সামনের চেয়ারগুলো উল্টে ফেলেন। পরে তিনি ইউএনওর কক্ষে টানানো প্রধানমন্ত্রীর ছবি লক্ষ্য করে একটি পেপার ওয়েট ছোড়েন। এতে প্রধানমন্ত্রীর ছবিটি দেয়াল থেকে মেঝেতে পড়ে ভেঙে যায়। এ ঘটনার পর উপজেলা চেয়ারম্যান ইউএনওর কার্যালয় থেকে বেরিয়ে যান।