বিরল ধুম কাছিম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারিবাজারে অবৈধভাবে বিক্রির সময় ১০টি বিরল প্রজাতির ‘ধুম’ কাছিম উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার সহযোগিতায় আজ ভোর ছয়টায় বন বিভাগের অপরাধ নিয়ন্ত্রণ শাখা এসব কাছিম উদ্ধার করে। অভিযানের নেতৃত্ব দেন বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে। বন বিভাগের অপরাধ নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা যায়, ভোরে বস্তায় করে এসব কাছিম বিক্রির জন্য শাঁখারিবাজারে আনা হয়। অভিযান শুরু হলে কাছিমগুলো ফেলে রেখে বিক্রেতারা পালিয়ে যান। ১০টির মধ্যে একটি কাছিম মারা গেছে। তপন কুমার দে জানান, উদ্ধার করে নয়টি কাছিম গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব পার্কের কাছিম পুনর্বাসন কেন্দ্রের জলাধারে অবমুক্ত করা হয়েছে। ধুম কাছিমকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল। বৈজ্ঞানিক নাম Lixxemys Punctata. বাংলাদেশের নদীনালা ও খালে এক সময় প্রচুর পাওয়া যেত এই ধুম কাছিম। এদের খোলসে ছোপ ছোপ দাগ থাকে। তবে অবৈধভাবে বিক্রির ফলে ধুম কাছিমের সংখ্যা কমে আসছে।এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুল খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘সব প্রজাতির কাছিম এখন বিরল হয়ে পড়েছে। তবে ধুম কাছিমের খোলস একটু নরম হওয়ায় এর চাহিদা একটু বেশি। শীতের সময় খালবিলে পানি কমে এলে এরা বেশি ধরা পড়ে। এসব বন্ধ করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। যারা আসলে কাছিম বিক্রি করেন, তাঁরা এর গুরুত্ব না বুঝেই করে থাকেন।’ ধুম কাছিম রক্ষা করতে হলে নিয়ন্ত্রিতভাবে চাষ করার পরামর্শও দেন মনিরুল খান।