বিরল বাঁশভালুকের দেখা মিলল খাগড়াছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মধুপুর এলাকায় বিরল প্রজাতির একটি বাঁশভালুকের দেখা মিলেছে। এটিকে উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয় এক আদিবাসীর বাড়ি থেকে প্রায় দুই বছর বয়সী সাত কেজি ওজনের এই পুরুষ ভালুকটিকে পাওয়া যায়। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে স্থানীয় এক আদিবাসীর বাড়ির নারকেলগাছে প্রথমে ভালুকটি দেখা যায়। কয়েকজন আদিবাসী ভালুকটিকে আটক করে বন বিভাগে খবর দেয়। সকাল ১০টার দিকে বন বিভাগের কর্মীরা ভালুকটিকে উদ্ধার করেন। এরপর এটিকে কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। জানা গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএনের) ২০০৮ সালে প্রকাশিত রেড ডাটা বই অনুযায়ী, বাঁশভালুক বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতি। এই প্রজাতির ভালুকের বৈজ্ঞানিক নাম Arctictis binturong. এ সম্পর্কে বন্য প্রাণী বিশেষজ্ঞ আনিসুজ্জামান খান প্রথম আলো ডটকমকে বলেন, সাধারণত বাঁশগাছেই এরা থাকে। তাই এদের বাঁশভালুক বলে ডাকা হয়। মিয়ানমার, ভারতের নাগাল্যান্ড, মিজোরাম এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে বাঁশভালুকের দেখা মেলে। বাঁশের পাতাই এদের খাদ্য। তৃণভোজী হওয়ায় বাঁশভালুক হিংস্র স্বভাবের হয় না। সাধারণত ২০ থেকে ৩০ বছর পর্যন্ত এরা বেঁচে থাকে।