সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বিরামপুরে তিনটি গভীর নলকূপে বিদ্যুৎ-সংযোগ দেয়নি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। এ কারণে নলকূপ তিনটির আওতাভুক্ত প্রায় ৩০০ একর জমিতে বোরো ধান লাগাতে পারেননি কৃষকেরা।সংশ্লিষ্ট দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-সংকটের কারণে নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেচসুবিধা বঞ্চিত কৃষকেরা।বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বিরামপুর জোন সূত্রে জানা যায়, ২০০৯ সালে উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের পুইনন্দা, ৬ নম্বর জোতবাণী ইউনিয়নের একইর এবং ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্তপুর গ্রামে তিনটি গভীর নলকূপ স্থাপন করে বরেন্দ্র কর্তৃপক্ষ। তিনটি গভীর নলকূপের অধীন পাঁচ শতাধিক কৃষকের প্রায় ৩৩০ একর জমি রয়েছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর নলকূপগুলোতে বিদ্যুৎ-সংযোগ দিতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ে বহুবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিরামপুর জোনের সহকারী প্রকৌশলী আল মামনুর রশীদ বলেন, ‘নলকূপগুলোতে বিদ্যুৎ-সংযোগের জন্য একাধিকবার লিখিত ও মৌখিকভাবে বলা হলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নানা অজুহাত দেখিয়ে সংযোগ দেয়নি।’সরেজমিনে বিনাইল ইউনিয়নের পুইনন্দা, জোতবাণী ইউনিয়নের একইর এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্তপুর গ্রামে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ-সংযোগহীন গভীর নলকূপগুলোর আওতায় সেচবঞ্চিত জমিগুলো খালি পড়ে আছে। চৈত্রের কাঠফাটা রোদে যেন জ্বলছে বিরানভূমি। দু-চারজন কৃষক নিজ উদ্যোগে ডিজেলচালিত শ্যালো পাইপ বোরিং করার পর ১৫ ফুট গভীর গর্তের নিচে মেশিন বসিয়েছেন। কিন্তু তাতেও পর্যাপ্ত পানি উঠছে না বলে জানালেন সংশ্লিষ্ট কৃষকেরা।একই গ্রামের গভীর নলকূপের চালক মো. আইয়ুব হোসেন বলেন, বিদ্যুতের সংযোগ পাওয়া যাবে—এ আশায় কৃষকেরা বীজ কিনে যথা সময়ে বিছন তৈরি করেন। কিন্তু সংযোগ না পাওয়ায় বাধ্য হয়ে কৃষকেরা সেই বিছন হাটে বিক্রি করে দিয়েছেন।পুইনন্দা গভীর নলকূপের চালক মো. আমজাদ হোসেন বলেন, সংযোগ নিতে তিনি দুই দফা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গেছেন। কিন্তু কর্মকর্তারা সাফ বলে দিয়েছেন, ‘বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে না।’পুইনন্দা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘গভীর নলকূপটা চালু হইলে কম করি হইলেও ১০০ একর জমিত ইরি ধান হইলে হয়। শ্যালো দিয়া পানি উঠোছে না। কৃষি অফিসাররা কহেছে, পানির লেয়ার ভেলে নিচত চলি গেইছে। সরকার থাকি ডিপ বসাইল। এখন কারেন্টের অভাবে ডিপও চালু হইল না। কৃষকের ঘরে মরণ আর কী?’দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি ঢাকায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি মৌসুমে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে যথাযথ সেচসুবিধা প্রদানের লক্ষ্যে বিদ্যুৎচালিত সেচযন্ত্রগুলোতে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জানুয়ারি পল্লী বিদ্যুৎ সমিতি উত্তর ও পশ্চিম (উত্তরাঞ্চল) পরিদপ্তরের পরিচালকের কাছে পাঠানো একটি জরুরি বার্তায় পরবর্তী সাত দিনের মধ্যে সারা দেশে বিদ্যুৎচালিত সেচযন্ত্রে সংযোগ প্রদানের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ পালন করেনি পল্লী বিদ্যুৎ সমিতি।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী নরেন্দ্রনাথ সরকার বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ কম থাকায় নতুন করে কোনো বাসাবাড়ি বা সেচযন্ত্রে বিদ্যুৎ-সংযোগ দেওয়া বন্ধ আছে। তাই ওই তিনটি গভীর নলকূপে সংযোগ দেওয়া যায়নি। কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তবিষয়ক নির্দেশ প্রাপ্তির কথা তিনি স্বীকার করেন।