বিরামপুরের গ্রামে ঢুকে বিএসএফের নির্যাতন
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ার মামুদপুর গ্রামে অবৈধভাবে ঢোকেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৫-২০ জন সদস্য। তাঁরা দুটি ফাঁকা গুলি ছোড়েন। বেয়নেট দিয়ে খুঁচিয়ে ভাঙেন বিভিন্ন বাড়ির দরজা। জখম করেন এক নারীকে।বিএসএফের সদস্যরা ওই সময় দুই বাংলাদেশিকে টেনেহিঁচড়ে ভারতে নেওয়ার চেষ্টা করলে দা, বঁটি নিয়ে এগিয়ে আসেন নারীরা। কেড়ে নিতে সক্ষম হন দুজনকে। তখন বিএসএফের মারধরে আহন হন তিন নারী ও সাত পুরুষ।বিএসএফের এই তাণ্ডবের ঘটনায় প্রথম আলোর সঙ্গে কথা বলেননি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোনো কর্মকর্তা। তবে নির্যাতনের শিকার গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিরামপুর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।বিরামপুরের কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মকসেদ আলী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিএসএফের চার-পাঁচজন সদস্য খিয়ার মামুদপুর গ্রামে ঢুকে প্রথমে দুটি ফাঁকা গুলি ছোড়েন। গ্রামবাসী আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে আরও ১০ থেকে ১২ জন বিএসএফের সদস্য গ্রামে প্রবেশ করেন। তাঁরা গ্রামের ১০-১২ বাড়ির দরজায় লাথি মারেন। দরজা ভাঙতে না পেরে তাঁরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দরজা ভেঙে ফেলেন।এ ব্যাপারে কথা হয় খিয়ার মামুদপুর গ্রামের কৃষক মো. নজরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, প্রচণ্ড জোরে বাড়ির দরজায় আঘাত শুনে তাঁর স্ত্রী আনোয়ারা বেগম দরজা খুলতেই বিএসএফের সদস্যরা তাঁর হাতে বেয়নেট দিয়ে জখম করেন। এতে তাঁর স্ত্রীর ডান হাত কেটে যায়। স্থানীয় চিকিৎসক তাঁর হাতে ব্যান্ডেজ করেছেন।গ্রামের শামসুল আলম বলেন, বিএসএফের সদস্যরা তাঁকে ও শফিকুলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শফিকুলের স্ত্রী শাপলা বেগম, মা সালেহা বেগমসহ অন্য নারীরা দা ও বঁটি নিয়ে বের হয়ে বিএসএফের সদস্যদের প্রতিরোধ করেন এবং তাঁদের দুজনকে কেড়ে নিতে সমর্থ হন। বিএসএফের সদস্যরা তখন তিনজন নারী ও সাতজন পুরুষকে মারধর করেন।ওই ঘটনার পর গতকাল শুক্রবার সকালে খিয়ার মামুদপুর গ্রামে যান বিজিবির সদস্যরা। বিএসএফের সদস্যদের ফেলে যাওয়া একটি ককটেল বোমা, একটি তাজা গুলি ও একটি গুলির খোসা কুড়িয়ে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয় গ্রামবাসী।যোগাযোগ করলে বিজিবি দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল এমদাদুল হক সঠিক তথ্য জানতে বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। কিন্তু মুঠোফোনে একাধিকবার ফোন করলেও ব্যাটালিয়নের অধিনায়ক ফোন ধরেননি।বিএসএফের নির্যাতনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিজিবির ভাইগড় ক্যাম্প ও বিএসএফের আগ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের অবৈধ অনুপ্রবেশ, গুলিবর্ষণ ও গ্রামের নারী-পুরুষকে মারধর করার প্রতিবাদ জানায় বিজিবি। জবাবে বিএসএফ দাবি করে, তারা চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশের গ্রামে ঢুকেছিল এবং দুটি ফাঁকা গুলি ছোড়ে।মারধরের পর বিএসএফের দুঃখ প্রকাশনিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাইকপাড়া গ্রামের গোপাল রায় (৪০) গত ২৯ মার্চ ভিসা নিয়ে ভারতে যান। গত বুধবার দেশে আসার সময় ভারতের বশিরহাট মহকুমার ঘোঝাডাঙ্গা ক্যাম্পের বিএসএফের সদস্য হরেন্দ্র সিং তল্লাশি করার নামে তাঁকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন। একপর্যায়ে গোপাল রায় বিরক্ত হয়ে পড়েন এবং তাড়াতাড়ি দেশে ফিরতে বাধ্য হয়ে হরেন্দ্র সিংকে ৫০০ রুপি ঘুষ দেন। বিষয়টি ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ফেলে। বিএসএফের সদস্য হরেন্দ্র তখন গোপালকে বেদম মারধর করেন। গোপাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে একটি গাড়িতে করে ভোমরা ইমিগ্রেশনে পাঠিয়ে দেওয়া হয়। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানার পর ৪৭ বিএসএফের ঘোঝাডাঙ্গা ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠায়। গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে ওই পতাকা বৈঠক হয়। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর হারুন-অর-রশিদ বলেন, পতাকা বৈঠকে বিএসএফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়; সেই সঙ্গে অভিযুক্ত বিএসএফের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানায়।