বিরোধ দেড় লাখ, দরখাস্ত জমা পড়েছে ৪০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য ভূমি কমিশন দরখাস্ত আহ্বান করেছে এক মাস আগে। এ সময়ে দরখাস্ত জমা পড়েছে মাত্র ৪০টি। তবে দরখাস্ত জমাদানে উৎসাহিত করতে এবং বিভ্রান্তি দূর করতে আড়াই লাখ পোস্টার ও প্রচারপত্র ছাপানোর কাজ চলছে বলে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সূত্রে জানা গেছে।একাধিক সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলায় দেড় লাখের বেশি পরিবারের ভূমিবিরোধ রয়েছে। এদের বড় অংশ দুই দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতে নিজ গ্রাম বা মৌজা থেকে উদ্বাস্তু হয়ে পার্বত্য চট্টগ্রামেরই অন্য কোনো এলাকায় বসবাস করছে। সরকারি ভাষায় এসব লোকজনকে অভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে অভিহিত করা হয়। এ ছাড়া রয়েছে ভারত থেকে ফিরে আসা শরণার্থী, যারা এখনো নিজেদের ভূমি ফেরত পায়নি। পার্বত্য চুক্তির শর্ত অনুযায়ী অভ্যন্তরীণ উদ্বাস্তু ও ভারত-প্রত্যাগত শরণার্থীদের পুনর্বাসনের জন্য একটি টাস্কফোর্স রয়েছে। টাস্কফোর্সের হিসাব অনুযায়ী, অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারের সংখ্যা এক লাখ ২৮ হাজার ৩৬৪। এ ছাড়া নয় হাজার ৭৮০টি শরণার্থী পরিবার তাদের জায়গাজমি ফিরে না পাওয়ার দাবি করছে। আরও কমপক্ষে ১৫ হাজার পরিবারের ভূমিবিরোধ রয়েছে বলে জানা গেছে।জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চুক্তিতে একটি কমিশন গঠনের শর্ত রাখা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ জাতীয় সংসদে পাস হয়। আইন অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন কমিশনের চেয়ারম্যান। এ পর্যন্ত চারজন বিচারপতির নেতৃত্বে চারবার কমিশন পুনর্গঠন করা হয়।সর্বশেষ বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিশন গত ১৪ মার্চ ভূমিবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দরখাস্ত দাখিলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। পার্বত্য তিন জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ে পাঠানো চিঠিতে বিজ্ঞপ্তিটি নিজ নিজ কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রচারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে জানাতে অনুরোধ জানানো হয়। দরখাস্ত জমাদানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই মাস সময় দেওয়া হয়।জানা গেছে, পার্বত্য ভূমি কমিশনের গণবিজ্ঞপ্তি জারির পর খাগড়াছড়ি জেলায় স্থাপিত ভূমি কমিশন কার্যালয়সহ প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং রাঙামাটি ও বান্দরবান জেলা সদরের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদন জমাদানের বাক্স স্থাপন করা হয়। প্রতিদিনের আবেদন জমাদানের হিসাব রাখতে তিন জেলায় তিনটি রেজিস্টারও খোলা হয়।সংশ্লিষ্ট কার্যালয়ে খবর নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত আবেদন জমা পড়ছে খাগড়াছড়ি জেলায় ৩৬টি ও রাঙামাটি জেলায় চারটি। বান্দরবান জেলায় ওই সময় পর্যন্ত একটি আবেদনও জমা পড়েনি।কমিশনের সচিব মো. আবদুল হামিদ এক মাসে কম আবেদন জমা পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গণবিজ্ঞপ্তিতে কিছুটা ত্রুটি রয়ে গেছে। বিজ্ঞপ্তিতে ভারত-প্রত্যাগত শরণার্থীদের কথা সুনির্দিষ্টভাবে বলা হলেও অন্যান্য ভূমিবিরোধের কথা স্পষ্টভাবে বলা হয়নি। সে কারণে লোকজনের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে। তিনি বলেন, পার্বত্য ভূমি কমিশন আইনের ৬(১)-এর ক, খ ও গ ধারায় বর্ণিত সব ধরনের বিরোধ অর্থাৎ ভারত-প্রত্যাগত শরণার্থীসহ যেকোনো ধরনের ভূমিবিরোধ নিষ্পত্তি বা দখল নিরূপণের জন্য দরখাস্ত করা যাবে। কমিশনের সচিব জানান, দরখাস্ত জমাদানের আহ্বান ও নিয়মাবলি প্রচারের জন্য আড়াই লাখ পোস্টার ও প্রচারপত্র ছাপানোর কাজ চলছে। আগামী সপ্তাহ থেকে এসব প্রচারপত্র পার্বত্য তিন জেলার আনাচে-কানাচে পৌঁছানোসহ মাইকিং চালানো হবে।গতকাল রোববার পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে মুঠোফোনে গণবিজ্ঞপ্তিতে ত্রুটি থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। ভালোভাবে পড়লে বিষয়টি স্পষ্ট হবে। অবৈধ বন্দোবস্ত দেওয়ার কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা সবাই আবেদন করতে পারবেন।’ দরখাস্ত কম জমা পড়ার বিষয়ে তিনি বলেন, ‘এ নিয়ে আমি মোটেই হতাশ নই। সময় আছে, ভালোভাবে প্রচার চালানো হলে সবাই দরখাস্ত জমা দেবে। খুব শিগগির ইউএনও, হেডম্যান, কার্বারি, বাজার চৌধুরীদের মাধ্যমে ভূমি কমিশনের আহ্বান এবং দরখাস্ত জমাদানের নিয়মাবলি সবার হাতে পৌঁছানো হবে। ত্রুটিপূর্ণ আবেদনও জমা নেওয়া হবে বলে উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান বলেন, পরে তাঁদের (দরখাস্তকারী) ডেকে সেগুলো ঠিক করে নেওয়া হবে।