বিরোধ নিষ্পত্তির আগে পার্বত্য ভূমি জরিপ নয়: তিন রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধ নিষ্পত্তির আগে ভূমি জরিপ শুরু না করতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রামের তিন রাজা। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও এ ব্যাপারে সহায়তা চেয়েছেন। তবে কমিশনের চেয়ারম্যান প্রথম আলোকে বলেছেন, তিনি চান আগে ভূমি জরিপ হোক, তারপর বিরোধ নিষ্পত্তি করা যাবে।পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির রাজারা জানিয়েছেন, বিরোধ নিষ্পত্তির আগে জরিপ করা হলে তা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ (ঘ)-এর লঙ্ঘন করা হবে। আর জরিপের মাধ্যমে জমির অবৈধ দখলদারের স্বত্বের স্বীকৃতি প্রদান হয়ে থাকে। কাজেই দখলে নেই অথচ বৈধ স্বত্ব আছে—এমন অনেক ব্যক্তির ভূমি জরিপ সম্পর্কে বিরূপ ধারণা হতে পারে। এতে কমিশনের সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সম্প্রতি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীকে দেওয়া এক চিঠিতে চাকমা রাজা দেবাশীষ রায়, বোমাং রাজা অং সোয়ে প্রু চৌধুরী ও মং রাজা সাচিং প্রু চৌধুরী এসব যুক্তি উপস্থাপন করেন। জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, আগে জরিপ, তারপর ভূমি বিরোধ নিষ্পত্তি। তিনি বলেন, এত দিনে জরিপকাজ শুরু করা হলে অনেকখানি এগিয়ে যেত। তিনি বলেন, রাজাদের কয়েকটি বৈঠকে ডাকা হলেও তাঁরা আসেননি। তাঁরা আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আইনে এমন কোনো বিধান নেই।প্রসঙ্গত, পার্বত্য তিন জেলায় জরিপ শুরু করার ব্যাপারে ভূমিমন্ত্রীর সভাপতিত্বে সম্প্রতি মন্ত্রণালয়ে সভা হয়। সভায় কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশনের আইন অনুযায়ী দ্রুত রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে জরিপকাজ শুরু করতে হবে। জরিপ শুরু না করলে কমিশনের কোনো কাজই থাকে না। জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জরিপ কার্যক্রম শুরুর করার ব্যাপারে আমরা পার্বত্য অঞ্চলের যেকোনো স্থানে সভা করে বিষয়টি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এটাও ঠিক, পার্বত্য জেলায় বর্তমানে ভূমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধ চলামান থাকলে জরিপ কার্যক্রমে সমস্যা দেখা দিতে পারে।’ বিরোধ নিষ্পত্তির আগে ভূমি জরিপ: তিন রাজা কমিশনকে জানান, বিরোধ নিষ্পত্তির সঙ্গে ভূমি জরিপের বিষয়টি একীভূত করা হচ্ছে। কিন্তু ভূমি কমিশন আইন অনুযায়ী কমিশন ভূমি বিরোধের ‘দ্রুত নিষ্পত্তি’ করতে পারবে না। কারণ, ভূমি জরিপ অত্যন্ত সময়সাপেক্ষ, জটিল ও ব্যয়বহুল কাজ। বিরোধ নিষ্পত্তির বিষয়টি জরিপনির্ভর হলে দ্রুততার সঙ্গে বিরোধ নিষ্পত্তি সম্ভব নয়। জরিপের মাধ্যমে সংশ্লিষ্ট জমির ভৌগোলিক বিবরণ, আয়তন, সীমানা ও দখলদারের পরিচয় আসতে পারে, কিন্তু জমির ওপর প্রথাগত আইনসহ অন্যান্য আইনভিত্তিক স্বত্বের তথ্য আনা যাবে না। প্রথাগত আইনের বিষয়ে বিশদ আলোচনা ও তথ্য সংগ্রহ ছাড়া কমিশন তার কাজ যথাযথভাবে করতে পারবে না। বিরোধ নিষ্পত্তির আগে জরিপ করা হলে তা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ (ঘ)-এর লঙ্ঘন হবে। ওই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে, ভারত প্রত্যাগত শরণার্থী, অভ্যন্তরীণ উদ্বাস্তু ইত্যাদির পুনর্বাসন ও ভূমিহীন পাহাড়িদের জমি বণ্টনের পরই কেবল ভূমি জরিপ করা হবে। সদস্যদের সম্মতি ছাড়া গণবিজ্ঞপ্তি প্রচার: চিঠিতে বলা হয়, কমিশন আলোচনা ও সদস্যদের সম্মতি ছাড়াই গণবিজ্ঞপ্তি প্রচার করেছে। কমিশন নিয়ম ভেঙে স্থানীয় কর্মকর্তা ও নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। কমিশনের সদস্য নয়—এমন ব্যক্তিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা পদ্ধতির বরখেলাপ। এ ছাড়া এটা ২০০১ সালের ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের বিধানাবলির সঙ্গেও অসংগতিপূর্ণ। তিন রাজা বলেন, কমিশনের সভায় মতৈক্যে না পৌঁছানো পর্যন্ত গণবিজ্ঞপ্তির বিষয় স্থগিত রাখা প্রয়োজন। তাঁরা কমিশনের সভার আলোচ্যসূচিতে আইন সংশোধনের বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান।কমিশনের সদস্যদের সর্বসম্মতি: আইনের ৭(৫) ধারায় বলা হয়েছে, কমিশন সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, তবে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে চেয়ারম্যানের সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে। যেকোনো জেলা বা সার্কেলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় পার্বত্য বাসিন্দাদের প্রতিনিধি সদস্যদের তিনজনের মতামতের বিপক্ষে অথবা তাঁদের যেকোনো একজনের ভিন্নমতের সঙ্গে সমমত পোষণ করে সংখ্যাগুরু মতামতের বিরুদ্ধে চেয়ারম্যানের সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। রাজারা বলেছেন, এটি গণতান্ত্রিক নীতি ও চর্চার বিরোধী। সুপ্রিম কোর্টের বিচারকার্যেও সংখ্যাগুরুর মতামত উপেক্ষা করে সভাপতিত্বকারী বিচারকের রায় প্রদান করার নজির নেই। প্রতিনিধি: সংশ্লিষ্ট আইনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতো কমিশনের সভায় সার্কেল চিফদের প্রতিনিধি পাঠানোর বিধান নেই। এ কারণে ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তাই এটা সংশোধন করা উচিত। তিন রাজার সুপারিশ: কমিশনের সদস্যদের সর্বসম্মতিতে সিদ্ধন্ত না নেওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তি, পোস্টার, লিফলেট বা অন্য প্রচারণা-প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানিয়েছেন রাজারা। কমিশনের চেয়ারম্যানের কাছে তাঁদের সুপারিশ হলো—ভারত প্রত্যাগত শরণার্থীদের ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের পর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুপারিশ না পাওয়া পর্যন্ত ভূমি জরিপের প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে অসংগতি ও অন্য ত্রুটিপূর্ণ ধারাগুলো বাদ দিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের যথাযথ সংশোধন করার জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর সুপারিশ করেন তাঁরা। এসব বিধান সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের বিরোধ নিষ্পত্তি ও সংশ্লিষ্ট প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ করা হয়।জানতে চাইলে গত রাতে মং রাজা সাচিং প্রু চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা গত মাসে চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।’ মং রাজা বলেন, তিন রাজা শিগগিরই এ বিষয়ে আবার আলোচনায় বসে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ভূমিসচিব আতাহারুল ইসলাম এ বিষয়ে বলেন, সরকার এর আগে দুবার পার্বত্য জেলায় ভূমি জরিপের কাজ শুরু করেও শেষ করতে পারেনি। কাজেই এবার জরিপ শুরুর আগে সব দিক পর্যালোচনা করতে হবে। কারণ, এবারও ব্যর্থ হলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে।