দুই বিচারপতিকে ডিঙিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ করার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সমর্থক আইনজীবীরা। ভবিষ্যতে এ ধরনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যাতে প্রধান বিচারপতি নিয়োগ না করা হয়, সে দাবি জানিয়েছেন তাঁরা।গতকাল মঙ্গলবার দুপুরে শামসুল হক চৌধুরী হলে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। সভায় নেওয়া সিদ্ধান্ত পাঠ করেন সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা। এতে বলা হয়, ‘আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে ডিঙিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এ নিয়োগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাই। সরকারের এ ধরনের সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এই সভা সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মনে করে। ভবিষ্যতে এ ধরনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ না করার জন্য দাবি জানানো হচ্ছে।’ সভার সিদ্ধান্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর কাছে পাঠানো হবে বলে জানানো হয়।সভায় অন্যান্যের মধ্যে রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, নাসির উদ্দিন আহমেদ অসীম প্রমুখ উপস্থিত ছিলেন।