বিরোধিতার জন্য ফাঁসি হলে তা হবে সম্মানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ৭-এর ক অনুচ্ছেদের তীব্র সমালোচনা করেছেন অন্যতম সংবিধানপ্রণেতা, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘আমি বলছি, আমার ফাঁসি হোক। এ সংশোধনীর বিরোধিতার জন্য ফাঁসি হলে তা হবে সম্মানের।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সমাজতন্ত্র অনেক ভারী, আমরা তা ছুড়ে ফেলেছি। ধর্মনিরপেক্ষতা এর চেয়ে অনেক নির্ভার, কিন্তু তাও আমরা ছুড়ে ফেলেছি। এখন আমরা ছুড়ে ফেলার প্রতিযোগিতায় আছি।গতকাল শনিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়। তাজউদ্দীনের মেয়ে সিমিন হোসেন রিমি তাজউদ্দীন আহমদের নির্বাচিত বক্তৃতা নিয়ে তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনা এবং উদ্ধৃতি সংকলন তাজউদ্দীনের আলোকভাবনা শীর্ষক বই দুটি প্রকাশ করেছেন। রাজধানীর পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে বই দুটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।কামাল হোসেন অনুষ্ঠানে আরও বলেন, ‘সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আবার সেই সংবিধানেরই ৭ নম্বর অনুচ্ছেদে সংশোধনী বসিয়ে দেওয়া হয়েছে যে সংবিধানের কোনো অংশের সমালোচনা করা যাবে না। করলে এর দণ্ড হবে ফাঁসি।’ তিনি প্রশ্ন রাখেন, তা হলে ক্ষমতার মালিকের ক্ষমতা থাকল কীভাবে? মহাজোট সরকারকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, তারা কী মনে করে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সব ক্ষমতা পেয়ে গেছে? এখন তারা যদি বলে, দেশে রাজতন্ত্র হবে, তা বললেই কী হবে? বলে দেখুক না কী হয়। ১০০ ভাগ ভোট পেলেও তারা তা করতে পারে না।কামাল হোসেন বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত করার পর ১৯৮৮ সালে এর বিরুদ্ধে একটি রিট মামলা হয়েছিল। সে মামলা ৮-১০ দিনের মধ্যে শুনানির জন্য উঠবে বলে তিনি জানান।অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘আমরা সংবিধান সংশোধন করেছি। ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছি, আবার রাষ্ট্রধর্ম রাখছি। এটা জাতির সঙ্গে প্রবঞ্চনা। বিভিন্ন মহলের এতগুলো লোক ডাকলেন, সবাই একবাক্যে বললেন, রাষ্ট্রধর্মের দরকার নাই। আপনারা লিপিবদ্ধও করলেন। তারপর দেখা গেল রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে।’ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমাদের বাঙালিদের মধ্যে বাস্তব বুদ্ধির চেয়ে আবেগ, অত্যুচ্ছ্বাস, অতিস্বপ্নচারিতা কাজ করে বেশি। তাজউদ্দীন ছিলেন অবাঙালিসুলভ গুণের অধিকারী। তিনি ছিলেন, সতর্ক, বাস্তবধর্মী, সচেতন, সুচিন্তিত, জাগ্রত মানুষ।সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, তাজউদ্দীনের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি ছিল। সে দৃষ্টিভঙ্গির কেন্দ্রে ছিল জনগণ। তাঁর দল বা কোনো ব্যক্তিবিশেষ নয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যারিস্টার আমীর-উল ইসলাম, অর্থনীতিবিদ এম এম আকাশ, অর্থনীতিবিদ কে এ এস মোর্শেদ প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচকেরা তাজউদ্দীন আহমদের বক্তৃতা ও উদ্ধৃতি নিয়ে রচিত বই দুটি সবার হাতে পৌঁছে দেওয়া এবং সম্ভব হলে বিদ্যালয়ে পাঠ্য করার পরামর্শ দেন।