জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনে গণভোট নেওয়া এবং বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দলের সংসদ বর্জনের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তারা আইন করে দলীয় বা জোটগতভাবে সংসদ বর্জন নিষিদ্ধ করার সুপারিশ করেছে। আজ রোববার দিনের প্রথম ভাগে রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে টিআইবি এ প্রতিবেদন প্রকাশ করে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বর্তমান সংসদের অষ্টম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত বিষয়ের তথ্য উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়েছে। বর্জনের আর্থিক দাম চার কোটি টাকাপ্রতিবেদনে বলা হয়, ২০১১-১২-তে আটটি অধিবেশনের ১৬৩ কার্যদিবসের মধ্যে প্রধান বিরোধী দল ১৫৩ কার্যদিবস সংসদ বর্জন করেছে। সাংসদদের প্রাপ্য আর্থিক সুযোগ-সুবিধার ভিত্তিতে প্রাক্কলিত একজন সাংসদের এক দিন অনুপস্থিত বা বর্জনের অর্থমূল্য ন্যূনতম প্রায় তিন হাজার ৫৫৮ টাকা। এ হিসাবে অষ্টম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত বিরোধী জোটের সংসদ বর্জনের আর্থিক দাম প্রায় চার কোটি এক লাখ ৩৪ হাজার টাকা। বছরভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিরোধী দল ২০০৯ সালে ৮৬ দিনের মধ্যে ২৩ দিন, ২০১০ সালে ৮৮ দিনের মধ্যে ২১ দিন, ২০১১ সালে ৮০ দিনের মধ্যে সাতদিন এবং ২০১২ সালে ৮৩ দিনের মধ্যে তিন দিন সংসদে উপস্থিত ছিল। গত দুই বছরে ১৬৩টি কার্যদিবসের মধ্যে সংসদ নেতা ১৪০ দিন এবং বিরোধীদলীয় নেতা মাত্র তিন দিন সংসদে উপস্থিত ছিলেন। পরিসংখ্যান অনুযায়ী পঞ্চম সংসদে বিরোধী দলের সংসদ বর্জনের হার ছিল ৩৩ দশমিক ৭৫, সপ্তম সংসদে ৪২ দশমিক ৬৭, অষ্টম সংসদে ৫৯ দশমিক ৭৯ এবং চলতি সংসদে (১৫ অধিবেশন পর্যন্ত) ৮৩ দশমিক ৩৮ শতাংশ। আরও বলা হয়েছে, আটটি অধিবেশনে বিরোধী দল মোট ১২ বার ওয়াকআউট করেছে। এর মধ্যে বিল-সংক্রান্ত বিষয়ে ছয়বার, সরকারি দলের সদস্যদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তিনবার, পয়েন্ট অব অর্ডারে কথা বলতে না দেওয়ার প্রতিবাদে দুবার এবং মন্ত্রীদের অনুপস্থিতির প্রতিবাদে একবার ওয়াকআউট করেছে। কোরাম-সংকটবর্তমান সংসদে কোরাম-সংকট অপেক্ষাকৃত কম বলে জানায় টিআইবি। বলা হয়েছে, সরকারি দলের সদস্যদের গড় উপস্থিতি বেশি হলেও অধিবেশনকক্ষে দেরিতে উপস্থিত হন বলেই কোরাম সংকট দেখা দেয়। গত আটটি অধিবেশনে কোরাম সংকটে কেটেছে মোট ৭২ ঘণ্টা ২২ মিনিট। এর আর্থিক দাম প্রায় ৩৩ কোটি ৮৬ লাখ টাকা। আরও জানানো হয়েছে, আটটি অধিবেশনে মোট ৭২টি বিল পাস হয়েছে। এতে ব্যয় হয়েছে মোট সময়ের ৭ শতাংশ। এ সময়ে বিরোধী দল ১০ কার্যদিবস উপস্থিত থাকলেও আইন প্রণয়ন কাজে তাদের অংশগ্রহণ ছিল না। অনুপস্থিতির কারণে তাদের বিল-সংক্রান্ত নোটিশগুলো উত্থাপিত হয়নি। তবে বিল প্রণয়নে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। বেশির ভাগ সুপারিশ বাস্তবায়ন হয় নাপ্রতিবেদনে সংসদীয় কমিটির কর্মকাণ্ডকে ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে। প্রথম থেকে পঞ্চদশ অধিবেশন পর্যন্ত ৫১টির মধ্যে ৩৭টি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সবচেয়ে বেশি ৮৬ শতাংশ সুপারিশ বাস্তবায়ন করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং সবচেয়ে কম ১৩ শতাংশ বাণিজ্য মন্ত্রণালয়।পর্যবেক্ষণ ও সুপারিশপর্যবেক্ষণে নেতিবাচক দিক সম্পর্কে বলা হয়েছে, বিরোধী দলের সংসদ বর্জনের মাত্রা আশঙ্কাজনক। আইন পাসের জন্য গড় সময় হ্রাস পেয়েছে। এ কাজে সাংসদদের অংশগ্রহণ কম। বার বার স্পিকার রুলিং দেওয়া সত্ত্বেও অসংসদীয় ভাষার পুনরাবৃত্তি ঘটছে। সুপারিশে সর্বোচ্চ ৩০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ না থাকার বিধান এবং অনুমোদিত ছুটি ব্যতীত টানা সাত দিনের বেশি অনুপস্থিত থাকা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। প্রতিবেদনে এ বিষয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও অধিবেশনের কার্যদিবস বছরে কমপক্ষে ১৩০ দিন, প্রতি কার্যদিবসের সময় কমপক্ষে ছয় ঘণ্টা এবং সংসদীয় পঞ্জিকা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, সংসদীয় গণতন্ত্রের বৈশ্বিক অভিজ্ঞতায় বাংলাদেশের সংসদ বর্জন অদ্বিতীয়। এটি জনগণের ভোট ও রায়ের প্রতি শ্রদ্ধাহীনতার পরিচায়ক। প্রয়োজনে ওয়াকআউট করা যায়, কিন্তু বর্জন নয়। সংবিধান অনুযায়ী টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়। এ সুযোগ নিয়ে সংসদ বর্জন করা হচ্ছে।