বিরোধী দল ইইউর কাছে পরামর্শ নিতে পারে
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট প্রতিনিধিদল নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়া উচিত বলে মন্তব্য করেছে। এটি নিঃসন্দেহে গ্রহণযোগ্য। বিরোধী দল ইইউর কাছে পরামর্শ নিয়ে এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। আজ শুক্রবার কিশোরগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান সেবা চালুর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার আবদুল হামিদ এসব কথা বলেন। স্পিকার বলেন, ‘বিরোধী দলের সমাধানের পথ খোঁজার প্রস্তাবগুলো সংসদে আলোচনার মধ্যে দিয়ে সমাধান হতে পারে। তাই আমি বিরোধী দলকে সংসদে এসে আলোচনার আহ্বান জানাচ্ছি।’ বিরোধী দল এলে তিনি স্পিকার হিসেবে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে জানান। আবদুল হামিদ আরও বলেন, ‘বিরোধী দল সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়েও আলোচনা করতে পারে। সংসদে আলোচনা হলে অবশ্যই সমাধানের পথ বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি।’