রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, প্রধান বিরোধী দলের কর্তব্য ছিল সংসদে এসে তাদের দায়িত্ব পালন করা। সংসদের ভেতরে ও বাইরে সংবিধান সংশোধনসহ প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক আলোচনায় নিজেদের মতামত ব্যক্ত করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিরোধী দল গত চার বছর নিয়মিতভাবে সংসদীয় কর্মকাণ্ডে বিরত থেকে তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।আজ রোববার নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের প্রথম কার্যদিবসে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বেলা তিনটা ৩৫ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ মহাজোট সরকারের মন্ত্রী ও সাংসদেরা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, বিরোধী দল নিজেদের জনগণের প্রতিনিধি ও সেবক হিসেবে মনে করলে তাদের কর্তব্য ছিল জাতীয় সংসদে এসে দায়িত্ব পালন করা। কোনো বিশেষ অবস্থানে আঁকড়ে থেকে রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাত জিইয়ে রাখা, কিংবা সংসদ বয়কটের ব্যাপারে অনমনীয় থাকা গণতান্ত্রিক আচরণের পরিপন্থী। বিরোধী দলকে জ্বালাও, পোড়াও পরিহার করে সংসদে ফেরার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘সংসদ বর্জন করবেন না, হরতাল, জ্বালাও, পোড়াও, সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করুন। আপনাদের যাবতীয় অভিযোগ, প্রস্তাব, সুপারিশ, ও মতামত সংসদের ভেতরে এসে বলুন এবং গণতন্ত্রকে বিকশিত হতে সহায়তা করুন।’ রাষ্ট্রপতি বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, নির্বাচন কমিশনের প্রাজ্ঞ নেতৃত্বে ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’ যুদ্ধাপরাধের বিচারকে বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘অচিরেই মানবতাবিরোধী যুদ্ধাপরাধের সব মামলার রায় দেওয়া সম্ভব হবে।’স্পিকারের অনুমতি নিয়ে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত ভাষণ দেন। তাঁর ১৪৮ পৃষ্ঠার লিখিত ভাষণ সংসদে পঠিত বলে বিবেচিত হয়। রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার সংসদের অধিবেশন ৩০ জানুয়ারি বুধবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি অধিবেশন ৬ মার্চ পর্যন্ত চলবে। বিকেলে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।