বিরোধী দল চাইলে যেকোনো স্থানে আলোচনা: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আলোচনার দরজা খোলা না থাকলে হরতাল ডাকতে পারতেন। আপনারা সংসদে আসুন। প্রস্তাব থাকলে বলুন। মানুষকে শান্তিতে থাকতে দিন।’ তিনি বলেন, ‘বিরোধী দল চাইলে যেকোনো স্থানে, প্রয়োজনে মক্কা শরিফ গিয়েও আমরা আলোচনায় প্রস্তুত।’ তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আজ-কাল বা পরশু আলোচনা হতেই হবে। আলোচনা ছাড়া এ দেশে কোনো সমস্যার সমাধান হয়নি।’আজ বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়ার দুই ছেলে তারেক-কোকোকে রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই বিএনপি-জামায়াত ও ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পনা করে যুগপত্ হরতাল ডেকেছে। প্রসঙ্গত, বিএনপি-জামায়াতের ডাকে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার হরতাল পালিত হয়। এ ছাড়া ১২টি ধর্মভিত্তিক দল ও ইসলামী আন্দোলন আগামী রবি ও সোমবার হরতাল ডেকেছে।সৈয়দ আশরাফ বলেন, বিএনপি কখনো স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দল নয়। তাঁর (খালেদা জিয়া) রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে পাকিস্তান বানানো।তারেক-কোকোকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘রাজপুত্ররা যা খুশি করবে, দেশে বিচার হতে পারবে না—বাংলাদেশ তেমন মগের মুল্লুক নয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যে কারো পুত্র-আত্মীয়স্বজন হোক, অন্যায় করলে তাঁদের বিচারের মুখোমুখি হতেই হবে।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার অন্যায়কারী কাউকে ছাড় দেয় না। সম্প্রতি সরকারি দলের একজন সাংসদের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আমলে এ দৃষ্টান্ত কেউ কখনো কল্পনাও করতে পারত না।বিরোধী দলের চিফ হুইপের ওপর পুলিশের নির্যাতন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘এখানে কাউকে রক্ষার জন্য এ সংবাদ সম্মেলন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়াবাড়ি করলে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন ভাঙলে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে।’ তিনি বলেন, ‘ফারুক আমাদের দীর্ঘদিনের সহকর্মী। তাঁকে হেস্ত-ন্যস্ত করার কথা জেনেছি। কিন্তু এটাও ভুললে চলবে না যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমদ, সোহেল তাজ, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নুরসহ অনেক নেতা পুলিশের নির্মম নির্যাতনের স্বীকার হন। শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডের কথা আমরা ভুলে যাইনি।’সৈয়দ আশরাফ জানান, আগামী কয়েক দিনের মধ্যে দেশের গণমাধ্যমের মালিক-সম্পাদকদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ তাদের দলীয় অবস্থান ব্যাখ্যা করবে।সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ, নুহ-উল আলম লেনিন, আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আলম মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।