বিরোধী দল চাইলে সংলাপের আয়োজন করব
চলমান রাজনৈতিক সমস্যার সমাধানে বিরোধী দল সংলাপে বসতে রাজি হলে স্পিকার আবদুল হামিদ মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবেন। তবে আলোচনা সংসদের অধিবেশন কক্ষে অথবা অন্য কোনো কক্ষে অনুষ্ঠিত হতে হবে। আজ রোববার স্পিকার সংসদে এ প্রস্তাব দেন।তার আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে। ৪২ জনের মধ্যে ছয়জনকে জামিন দেওয়া হয়েছে। ৩৬ জন এখনো জেলে। এভাবে পুলিশি কায়দায় রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। এই জাতীয় সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘বিরোধী দল যদি সংসদে এসে দাবি-দাওয়া বলে, তবে সরকারি দলকে অনুরোধ করে বিতর্কের আয়োজন করতে পারি। বিরোধী দল যদি সংসদে থাকত, তাদের দাবি-দাওয়া জানালে আমি সরকারি দলকে এ বিষয়ে আলোচনার অনুরোধ করতে পারতাম। বিষয়টি (নির্বাচন) নিয়ে বিতর্কের আয়োজন করতে পারতাম।’সংসদের বাইরে যদি কোনো কথা হয়, সেটা বিরোধী বা সরকারি দল যে-ই বলুক না কেন, তাতে তাঁর কিছু করার নেই বলে স্পিকার মন্তব্য করেন। স্পিকার বলেন, ‘সংসদে যদি কিছু আলোচনা হয়, তবে আমি ইনটারফেয়ার করতে পারি। আমি বিরোধী দলকে বলব, আপনাদের বক্তব্য সংসদে তুলে ধরেন। তখন সরকারও কী বলে, সেটা দেখা যাবে। প্রাণবন্ত আলোচনা হলে সবাই দেখতে ও শুনতে পাবে। কেউ যদি অযৌক্তিক-অবান্তর কথা বলে, তবে দেশবাসীও জানতে পারে।’স্পিকার বলেন, ‘বিরোধী দল সংসদে এলে আমি তাদের কথা আমলে নিতে পারি। সরকারকেও বলতে পারি। সরকারি দলও যদি বাইরে কিছু বলে, তবে আমার কোনো এখতিয়ার নেই। এখানে ছাড়াও সংসদে অনেক কক্ষ আছে। আমি সহযোগিতা করবো।’ফজলুল আজিমকে উদ্দেশ করে আবদুল হামিদ বলেন, ‘আপনার সঙ্গে বিরোধী দলের কথার কোনো সম্পৃক্ততা আছে কি না, আমি জানি না। আপনি একসময় তাদের দলে যুক্ত ছিলেন। আশা করেছিলাম, পাঁচজন এমপি কারাগারে রয়েছেন, সে বিষয়ে কথা বলবেন। যদিও আমি খবর পেয়েছি, তাঁরা জামিনে মুক্ত হয়েছেন।’সংসদের ত্রয়োদশ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পিকার বলেন, সংসদে থেকে জাতীয় ইস্যুভিত্তিক যে কোনো বিষয়ে সমঝোতা ও সিদ্ধান্তে উপনীতি হওয়া যায়।বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার আবদুল সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল সংসদে যোগ দেয়নি।