বিরোধী দল ছাড়া প্রাণহীন সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দল বিএনপির সদস্যরা সংসদীয় কমিটির সভায় যান, সভাপতিত্বও করেন, বেতন-ভাতা নেন কিন্তু সংসদ অধিবেশনে যান না। প্রথম অধিবেশনে বিরোধী দল গরহাজির থাকলেও নবম সংসদের দ্বিতীয় অধিবেশন থেকে টানা অনুপস্থিত রয়েছেন তাঁরা। গত বছরের ২৫ জানুয়ারি সংসদ শুরুর পর ৮৬টি কার্যদিবসের মধ্যে গড়ে ৪৭টিতেই অনুপস্থিত রয়েছেন বিএনপির সাংসদেরা। ফলে আট মাস ধরে বিরোধী দল ছাড়া সংসদ যেন প্রাণহীন। এ পরিস্থিতিতে আজ ৪ জানুয়ারি নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে।তবে সংসদের প্রথম অধিবেশনেই মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৮টি স্থায়ী কমিটিসহ মোট ৪৮টি সংসদীয় কমিটি গঠন করার ঘটনা নজিরবিহীন। এর আগে কোনো সংসদেই তৃতীয় অধিবেশনের আগে কমিটি গঠন করা হয়নি। এবার সংরক্ষিত ৪৫ নারী আসনের নির্বাচনও প্রথম অধিবেশনে হয়েছে। এটিও এ সংসদের বড় অর্জন। অবশ্য বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে স্পিকার আবদুল হামিদের কয়েক দফা চেষ্টা ছাড়া সরকারি দল থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। প্রধানমন্ত্রী সংসদের গত দুই অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানালেও কাজ হয়নি।সামনের সারিতে আসন বৃদ্ধির দাবিতে বিএনপি দ্বিতীয় অধিবেশন থেকে সংসদ বর্জন শুরু করে। একপর্যায়ে অন্তত একটা আসন বাড়ালে সংসদে যোগ দেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন দলটির নেতারা। কিন্তু নতুন বছরে বিরোধী দলের সংসদে যোগ দেওয়ার জন্য যুক্ত হয়েছে আরও শর্ত। ফলে এ অধিবেশনেও বিএনপির যোগ দেওয়ার সম্ভাবনা কম।স্পিকার আবদুল হামিদ এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, বিরোধী দল যোগ ছাড়া সংসদের অন্য সব কার্যক্রম কার্যকরভাবে চলছে। কারণ, এবার প্রথম অধিবেশনেই সব কমিটি গঠনসহ সংসদের প্রাথমিক সব কাজ করা সম্ভব হয়েছে। বিরোধী দলের সদস্যদের কমিটির সভাপতি করা বড় ঘটনা। এ বছর বিরোধী দল সংসদে যোগ দেবে বলে আশা করেন তিনি। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেন, সরকারি দলই চায় না, বিরোধী দল সংসদে আসুক। সে জন্য বিরোধীদলীয় নেত্রী, তাঁর পরিবার ও দলীয় নেতা-কর্মীদের ওপর বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, সংসদে সামনের সারিতে বিএনপিকে আসন কম দেওয়া নিয়ে সংসদ বর্জন শুরু হলেও এখন সরকার আরও সমস্যা তৈরি করেছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিরোধী দলবিহীন সংসদকে কার্যকর বলা যাবে না। তবে বিরোধী দলের সংসদ বর্জন পরাজয়ের ফলে সব হারানোর মানসিকতার পরিচায়ক, যা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন ও গণতান্ত্রিক চর্চারও পরিপন্থী। তিনি বলেন, বিরোধী দল ছোট হলেও ছায়া সরকার মনে করে তাদের সংসদে রাখার উদ্যোগ নিতে হবে। অধিকাংশ সুপারিশ ফাইলবন্দী: সংসদের মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলো গত বছরে গড়ে আটটি বৈঠক করেছে, সুপারিশ করেছে ১৫টি। কোনো কোনো মন্ত্রণালয়ের একটি সুপারিশও বাস্তবায়িত হয়নি, আবার কোনো মন্ত্রণালয়ের একাধিক সুপারিশ বাস্তবায়িত হয়েছে। অনেক বাস্তবায়নাধীন রয়েছে। প্রাথমিক হিসাবে কমিটিগুলো গঠনের পর এ পর্যন্ত প্রায় ৬০০ সুপারিশ করা হয়েছে। তবে কমিটির সভাপতিরা বলেছেন, আগামী ২৫ জানুয়ারি সংসদের মেয়াদপূর্তির সময় তাঁরা তাঁদের করা সুপারিশ এবং বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংসদকে অবহিত করবেন। এখন তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এগুলোর বাস্তবায়নের সর্বশেষ অবস্থা জানতে চাইছেন।শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ মনে করেন, সরকার কমিটির অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করছে। তাঁর অধিকাংশ সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা এম এ মতিনসহ ১০ জনের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ কাগজপত্র পাঠিয়ে মামলা দায়েরের সুপারিশ করে। কিন্তু চার মাস হয়ে গেলেও মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।জানা গেছে, সংসদীয় কমিটির অধিকাংশ সুপারিশ মন্ত্রণালয়ে আটকে আছে। কিছু আটকে আছে সংসদেই। সংসদ সচিবালয়ের তথ্যানুসারে, গত নভেম্বর মাস পর্যন্ত সংসদীয় কমিটিগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২২টি, অর্থ মন্ত্রণালয় ২১, প্রতিরক্ষা নয়, স্বরাষ্ট্র ছয়, নৌ ১১, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ১২, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ১৫ ও শিল্প মন্ত্রণালয় ২০টি সুপারিশ করেছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সময় মিল্ক ভিটা ও সমবায় অধিদপ্তরের দুর্নীতি-অনিয়মের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। মন্ত্রণালয় গত মাসে এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে।তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, কমিটি গত এক বছরে ২০টি সুপারিশ করেছে। পুরো বাস্তবায়িত না হলেও বেশ কিছু সুপারিশ আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে।বর্জন করলেও সুবিধা নিচ্ছেন: টানা সংসদ বর্জন করলেও বিদেশভ্রমণ, বেতন-ভাতাসহ সব ধরনের আর্থিক ও অবকাঠামোগত সুবিধা নিচ্ছেন বিএনপির সাংসদেরা। এমনকি সংসদীয় কমিটির সভাপতি ও সদস্য হিসেবে সভায় অংশ নিয়ে তাঁরা ভাতাও নিচ্ছেন। প্রতিদিন সংসদের কার্যসূচিতে প্রশ্ন, বিভিন্ন নোটিশ জমা দিয়ে তাঁরা পরোক্ষভাবে সংসদীয় কাজে অংশ নিচ্ছেন। বর্জনকারী বিরোধী দলের মধ্যে বিএনপির সদস্যসংখ্যা ৩৫, জামায়াতের দুই ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন। এলডিপির একজন ও স্বতন্ত্র একজন সাংসদ সংসদে যোগ নিচ্ছেন।সংসদীয় কমিটির সভাপতি বিএনপির দুই সাংসদ তাঁদের কমিটির নিয়মিত সভা করছেন। তাঁরা হলেন: পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার এবং মত্স্য ও পশুসম্পদ-বিষয়ক কমিটির সভাপতি এ বি এম আশরাফ উদ্দিন নিজান। তাঁরা সংসদের গাড়ি, পতাকা ও সচিবসহ প্রয়োজনীয় জনবলও নিচ্ছেন।জানা গেছে, নবম জাতীয় সংসদে এ পর্যন্ত বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র তিন দিন উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনে সর্বশেষ ৭ এপ্রিল তিনি সংসদে যোগ দিয়েছিলেন। উপনির্বাচনে বিজয়ী বিএনপির দুই সাংসদ জমির উদ্দিন সরকার এবং মওদুদ আহমদ এখন পর্যন্ত সংসদে যোগ দিতেই পারেননি।বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, ‘ইস্যুভিত্তিক ওয়াকআউট ছাড়া কোনো দল বা জোট সংসদের সেশন বা বৈঠক বর্জন করতে পারবে না। কোনো সংসদ সদস্য সংসদের অনুমোদন ছাড়া ৩০ দিনের অধিক অনুপস্থিত থাকলে তাঁর সদস্যপদ শূন্য হবে।’উল্লেখ্য, অষ্টম সংসদেও তত্কালীন বিরোধী দল আওয়ামী লীগের সদস্যরা সংসদ বর্জন করলেও অধিকাংশ সাংসদ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করেছিলেন।কয়েকটি ঘটনা: নবম সংসদের প্রথম বছরে যুদ্ধাপরাধীদের বিচারে সর্বসম্মত সিদ্ধান্ত পাসসহ বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের দুর্নীতি তদন্ত করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এ প্রতিবেদন নিয়ে সংসদে আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে পাঠানো হয়েছে। সংসদের গত তিনটি অধিবেশনের ৮৬ কার্যদিবসে বিল পাস হয়েছে ৬৬টি।