বিরোধী দল ছাড়াই জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন গতকাল সোমবার বিকেলে শুরু হয়েছে। এ অধিবেশন ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নবম জাতীয় সংসদের এটি চতুর্থ অধিবেশন। অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে বিরোধী দল বলেছে, ১০ দফা দাবি মানলে তারা সংসদে ফিরে আসবে। তবে এ ১০ দফার মধ্যে অধিবেশন কক্ষের প্রথম সারির আসন বাড়ানোর কথা নেই। আসন বাড়ানোর দাবিতেই বিরোধী দল প্রথম সংসদ বর্জন শুরু করেছিল।অধিবেশনের শুরুতেই স্পিকার আবদুল হামিদ বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মাধ্যমেই গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে হবে। নতুন বছরে বিরোধী দল সংসদের অধিবেশনে যোগ দিয়ে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রাকে বেগবান করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।স্পিকার বলেন, ‘রাজনৈতিক আদর্শ ও উদ্দেশ্যের ভিন্নতা আছে বলেই আমরা ভিন্ন ভিন্ন দল করে থাকি। কিন্তু সব রাজনৈতিক দলের মূল লক্ষ্য এক ও অভিন্ন হওয়া উচিত, তা হলো জনকল্যাণ। তাই আশা করব, রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে একযোগে কাজ করবে।’স্পিকারের বক্তব্যের পর শোক প্রস্তাব এবং সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। এ অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন: মোশাররফ হোসেন, ছায়েদুল হক, এ কে এম মাঈদুল ইসলাম, জাফরুল ইসলাম চৌধুরী ও সালেহা মোশারফ।এরপর সংসদে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়ানোর জন্য আনা বিল পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) অধ্যাদেশ, ২০০৯ উপস্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বিলটি উপস্থাপন করেন।কার্য উপদেষ্টা কমিটির সভা: অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা সংসদ ভবনে হয়। স্পিকারের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ, এইচ এম এরশাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, রাশেদ খান মেনন ও আব্দুল মতিন খসরু অংশ নেন। আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বিশেষ আমন্ত্রণে সভায় যোগ দেন। সভায় নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অধিবেশন চলবে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে ৩০ ঘণ্টা। বিএনপির দাবি এখন ১০টি: সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বিএনপির দাবি এখন ১০টি। অবশ্য যে দাবিতে বিএনপি সংসদ বর্জন শুরু করে, সেই সামনের সারিতে আসন বাড়ানোর বিষয়টি নতুন করে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে নেই। অধিবেশন শুরুর আগে গতকাল সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সংসদে ফেরার শর্ত তুলে ধরে বিএনপি। ১০ দফা দাবিগুলো হলো: খালেদা জিয়ার বাড়ির ইজারা বাতিলের চিঠি প্রত্যাহার করতে হবে। খালেদা জিয়ার প্রাপ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা আছে, তা প্রত্যাহার করতে হবে। বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়া মুলতবি প্রস্তাব গ্রহণ করে আলোচনার সুযোগ দিতে হবে। এশিয়ান হাইওয়ের নামে করিডর দেওয়া বন্ধ করতে হবে। টিপাইমুখ বাঁধ, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেন্ডারবাজি, দখল, সরকারি দলের নিপীড়ন-নির্যাতন নিয়ে সংসদে আলোচনা করতে হবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী কমিটির আরও দুটি সভাপতির পদ দিতে হবে এবং বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত আওয়ামী মহিলা সংসদ সদস্যদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। ব্রিফিংয়ে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন বলেন, বিএনপির ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে সরকারি দল সংসদে যাওয়ার পরিবেশ সৃষ্টি করলে তাঁরা সংসদে ফিরতে প্রস্তুত আছেন। তিনি বলেন, সংসদে ফেরার পরিবেশ দিন দিন নষ্ট করছে আওয়ামী লীগ। বিরোধী দলের নেতাকে অমর্যাদা করে সংসদকে সচল বা মযার্দাবান করা যায় না।