বিরোধী দল দেশবাসীর দৃষ্টি অন্য খাতে নিতে চায়
হরতালের নামে বিরোধী দল নাশকতামূলক কর্মকাণ্ড করছে অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। দেশবাসীও এই রহস্য জানতে চায়। এ অবস্থায় তারা (বিএনপি) নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশবাসীর দৃষ্টি অন্য খাতে নিতে চায়।সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ রোববার তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গতকাল খিলগাঁওয়ে বাসের চালক ও আজ সাভারে প্রাইভেটকার চালকের নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন।নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য তিনি বিরোধী দলের প্রতি অনুরোধ জানান।শামসুল হক টুকু বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় বিএনপির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই গাড়ি ভাঙচুর করেছে, হরতাল দিয়েছে। তারা বলেছিল, শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করবে। কিন্তু শান্তির নমুনা দেশবাসী এ কী দেখছে!’