বিরোধী দল পদত্যাগ করলে এরশাদ বিরোধী দলের নেতা: সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরোধী দল যে মুহূর্তে পদত্যাগ করবে, সেই মুহূর্তে উপনির্বাচন দেওয়া হবে। এরশাদ সাহেব হবেন বিরোধী দলের নেতা।’ সরকারি দলের প্রভাবশালী সাংসদ শেখ ফজলুল করিম সেলিম আজ শনিবার বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফজলুল করিম যখন বক্তব্য দেন, তখন স্পিকারের চেয়ারে ছিলেন এ বি এম গোলাম মোস্তফা।শেখ সেলিম বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বিদেশে গিয়ে প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। আমরা আপনাকে স্বাগত জানাই। আপনাকে আমরা চিনি। আপনি এই সুযোগ-সুবিধা ছাড়বেন না। আপনি যে মুহূর্তে পদত্যাগ করবেন, সেই মুহূর্তেই উপনির্বাচন দিয়ে আমরা এরশাদকে বিরোধী দলের নেতা করব।’শেখ সেলিম আরও বলেন, রাস্তায় গাড়ি ভেঙে কোনো লাভ হবে না। সংসদে আসেন। তিনি বলেন, ‘সংসদে আসা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের কী দাওয়াত করে আনব?’তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হরতালসহ বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করেন শেখ সেলিম। তিনি বলেন, ‘আপনারা সংসদে আসবেন না। বাইরে বসে হুমকি-ধমকি দেবেন। আপনারা তো ট্রেড ইউনিয়ন নন। আমরা মালিকও নই। আপনারাও শ্রমিক নন। আর সংসদ কোনো ইন্ডাস্ট্রি (শিল্পকারখানা) নয়।’এর আগে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বাজেট আলোচনায় অংশ নিয়ে কনকোফিলিপসের সঙ্গে গ্যাস উত্তোলন-সংক্রান্ত যে চুক্তি হয়েছে (পিএসসি) তার সমালোচনা করেন। তিনি বলেন, ‘কিসের নীতিমালা হয়েছে, দেশের গ্যাস বিদেশিদের হাতে তুলে দেওয়ার?’ কনকোফিলিপসের চুক্তিতে ৮০ ভাগ গ্যাস বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে এই চুক্তির যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের বিদেশি এজেন্ট বলার তীব্র সমালোচনা করেন মেনন। তিনি বলেন, ‘দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেব, এতেই প্রমাণ হয়, কে দেশের আর কারা বিদেশি এজেন্ট। কথা বলার সময় নিজের দিকে তাকিয়ে বলতে হয়।’ তিনি কনকোফিলিপসের সঙ্গে চুক্তি সংসদে তোলার জন্য পরামর্শ দিয়ে বলেন, দেশের সম্পদ নিয়ে চুক্তি হবে আর জনগণ জানবে না। জানবেন কিছু ওপরের লোক, কিছু উপদেষ্টা আর চেয়ারম্যান।রাশেদ খান মেনন কানাডার আদালতে সাবেক জ্বালানিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার অপরাধে নাইকোকে জরিমানা করার প্রসঙ্গ টেনে বলেন, ‘হয়তো আমরা দেখব, কনকোফিলিপসের সঙ্গে চুক্তি নিয়ে বহুজাতিক কোম্পানি ঘুষ দিয়েছে।’মেনন প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বলেন ‘জনগণ রাজনীতিকে বোঝে বাজারের থলি দিয়ে, সেই বাজারের থলি ক্রমেই ছোট হয়ে আসছে। একই সঙ্গে সরকারের জনপ্রিয়তার থলিও কমে আসছে।’ তিনি এই মূল্য পরিস্থিতি বিবেচনা বাজেটে সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় মুখ খুললেই বাজারে জিনিসের দাম বাড়ে। অর্থমন্ত্রী এগুলো বিবেচনায় না নিয়ে কীভাবে বাজেট দিলেন?’ এ প্রসঙ্গে পূর্ণ রেশনিং-ব্যবস্থা চালুর দাবি করেন তিনি।বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, আবদুর রহমান, মতিয়ার রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার, বেনজির আহমেদ, খালিদ মাহমুদ চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, আতিকুর রহমান আতিক, সাধন চন্দ্র মজুমদার, এম ইদ্রিস আলী, আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, সালমা ইসলাম প্রমুখ।