বিরোধী দল বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, রামুর ঘটনা দেশে-বিদেশে প্রচারের মাধ্যমে বিরোধী দল বাংলাদেশকে বিশ্বের কাছে সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করতে চায়। বিএনপি-জামায়াত অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় আসার চক্রান্ত করছে। প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল সিলেট বিভাগীয় কর্মী সম্মেলনে দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। বাংলাদেশে দুটি রাজনৈতিক ধারা বিদ্যমান উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, প্রশাসনে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ঘাপটি মেরে বসে আছে। এ জন্য যুদ্ধাপরাধীদের বিচার জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করে রায় কার্যকর করতে হবে। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়কহীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ধীরেন সিংহের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আফরোজ আলী, লুত্ফুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোশাহিদ আহমদ, হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুশান্ত দত্ত।