বিরোধী দল বিদেশ ভ্রমণের সুযোগ নিলেও সংসদে যায় না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় সাংসদেরা সভা-সমিতিতে যোগ দিচ্ছেন, বিদেশ ভ্রমণের সুযোগ নিচ্ছেন। কিন্তু তাঁরা সংসদ অধিবেশনে যোগ দেন না। কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল শুক্রবার কমনওয়েলথ মহাসচিবের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ভ্র অব এস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভিত সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং কমিশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।এদিকে নিউইয়র্ক সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদের সঙ্গে পৃথক এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য দক্ষিণ এশিয়ার প্রধান শত্রু। দারিদ্র্য দূরীকরণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। জলবায়ু সমস্যা এবং জনগণের ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও উদ্যমের প্রশংসা করেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এ কথা জানান। দ্বিপক্ষীয় এসব বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রাষ্ট্রদূত এম জিয়া উদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য দেবেন। বাংলাদেশ সময় রাত নয়টা থেকে ১০টার মধ্যে তাঁর বক্তব্য দেওয়ার কথা।