বিএনপির সংসদীয় দলের ব্রিফিং
বিরোধী দল যাতে সংসদে না যায় সে জন্য তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে
বিরোধী দল যাতে সংসদে না যায় সে জন্য সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। একটি গোয়েন্দা সংস্থা এসব তথ্য দিয়ে সরকারকে সহায়তা এবং গণমাধ্যমকে বিভ্রান্ত করছে।আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিএনপির সংসদীয় দলের এক সংবাদ ব্রিফিংয়ে দলের চিফ হুইপ জয়নুল আবদিন এ কথা বলেছেন।এ সময় বিএনপির সাংসদ মাহবুবউদ্দিন খোকন, আশরাফউদ্দিন নিজান প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা অস্ত্র মামলা নিয়ে সরকারের দেওয়া বিভ্রান্তিকর তথ্যের সমালোচনা করেন।বিরোধী দলের চিফ হুইপ বলেন, বিভ্রান্তি ছড়াতেই ১০ ট্রাক অস্ত্র মামলায় তারেক রহমান এবং হাওয়া ভবন সম্পর্কে সরকার অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তারা একটি অস্থির পরিবেশ তৈরি করতে চায়। তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে সরকার প্রমাণ করতে চায় যে বিরোধী দল সংসদে না থাকুক। তবে জনগণের কথা বলার জন্য বিরোধী দল সংসদে যাবে।