বিরোধী দল যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন। আর বেগম খালেদা জিয়া তাদের নিয়ে সরকার গঠন করেন। তাই বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই মেনে নিতে পারছে না। এ জন্য তারা অস্থির হয়ে উঠেছে। এখন তারা যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়িয়েছে।গতকাল শনিবার গণভবনে স্বেচ্ছাসেবক লীগের দুই দিনব্যাপী বর্ধিত সভার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দল মুখে যতই মুক্তিযুদ্ধের কথা বলুক না কেন, তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে।। খবর ইউএনবি ও বাসসের।প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল আন্দোলনের নামে নিরীহ মানুষের লাশ ফেলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। যুদ্ধাপরাধী, ক্ষমতায় থাকার সময় দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ এবং ক্যান্টনমেন্টের বাড়ি রক্ষাই এই আন্দোলনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, আন্দোলন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা কারও কাম্য হতে পারে না। তিনি প্রশ্ন করেন, ফারুকের মায়ের কোল খালি করে বেগম খালেদা জিয়ার কী লাভ হলো? তিনি এ ধরনের কর্মকাণ্ডে বিরত থেকে সংসদে এসে জনগণের পক্ষে কথা বলার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে রাজধানীর গুলশানে সরকারের দেওয়া বাড়িতে থাকার জন্য খালেদার জিয়ার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, সেনানিবাসের মধ্যে এত বড় জায়গা দখল করে রাখা খালেদা জিয়ার উচিত নয়। তিনি বলেন, ‘আমাদের সেনা কর্মকর্তারা যখন চরম আবাসন-সংকটে আছেন, তখন খালেদা জিয়া সেনানিবাসের মধ্যেই ১৮০ কাঠা জমির ওপর একটি বড় বাড়িতে আরাম-আয়েশে আছেন। তাঁকে গুলশানে ৩৫ কাঠা জমির ওপর একটি বাড়ি দেওয়া হয়েছে।’ হাসিনা প্রশ্ন করেন, ‘তাঁর (খালেদা জিয়া) বসবাসের জন্য আর কয়টা বাড়ি দরকার?’প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গুলশানের বাড়িটি ছাড়াও নামে-বেনামে আরও অনেক বাড়ি খালেদা জিয়ার আছে।শেখ হাসিনা বলেন, বিরোধী দলের হাতে হরতাল দেওয়ার মতো কোনো ইস্যু নেই। তারা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ইস্যু করতে চেয়েছিল। কিন্তু সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তো বিরোধী দলের জয়কে ছিনিয়ে নিতে চাইনি। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। নির্বাচনের ফলাফল তারা পাল্টে দিতে চেয়েছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।’বিভিন্ন আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক লীগের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, দলের নির্বাচনী ইশতেহার এবং রূপকল্প-২০২১ বাস্তবায়নেও তাদের অবদান রাখতে হবে।স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।