বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবে, স্পিকারের আশা
বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। তিনি বলেন, ‘দলতন্ত্র বেশির ভাগ ক্ষেত্রে গণতন্ত্রকে নস্যাত্ করে। তবে দেশপ্রেমে বিশ্বাস থাকলে দলতন্ত্র থেকে মুক্ত হওয়া সম্ভব।’স্পিকার আজ শুক্রবার বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় সর্বদলীয় সংসদীয় গ্রুপ ও দারিদ্র্যবিরোধী ক্যাম্পেইন-সংক্রান্ত জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান।স্পিকারের সভাপতিত্বে ক্ষুধা ও দারিদ্র্যবিরোধী আন্দোলনে অংশ নিতে এক মঞ্চে সমবেত হন সংসদের সরকারি ও বিরোধী দলের সদস্যরা। দুই দলের সদস্যরাই ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন। এই সংসদীয় ঐক্য দেখে স্পিকার বলেন, ‘আমি আশা করি বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দেবে।’ স্পিকার বলেন, ‘দারিদ্র্যবিরোধী অনেক কর্মকাণ্ড পরিচালিত হলেও আমরা দেশের দারিদ্র্য ঘুচাতে পারিনি। এর কারণ অগ্রাধিকারগুলোতে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারিনি। তবে বিরোধী দল ও সরকার দারিদ্র্যবিরোধী কর্মসূচিতে এক মঞ্চে কাজ করলে দেশ অবশ্যই সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।’ সমাবেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাবেক স্পিকার জরিমউদ্দিন সরকার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।