বিরোধী দল সংসদে ফেরায় অধিবেশনের মেয়াদ বাড়ছে
জাতীয় সংসদের অধিবেশন আগামী ১ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে সংসদের বৈঠক আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দল সংসদে ফেরায় অধিবেশনের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার বেসরকারি দিবসে বিরোধী দল অনুপস্থিত থাকায় অধিবেশন কক্ষ ছিল অনেকটাই নিষ্প্রাণ। সরকারি দলের উপস্থিতিও ছিল কম। অধিবেশনও চলেছে কম সময়। বিকেল সোয়া তিনটায় শুরু হয়ে ছয়টার কয়েক মিনিট পর অধিবেশন শেষ হয়ে যায়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তি হয়। এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।আলোচনায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং সাংসদ আকরাম হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন ও জাফর আলী সিদ্দিকী অংশ নেন। এরপর স্পিকার সংসদের বৈঠক আগামী ১ মার্চ পর্যন্ত মুলতবি করেন।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিরোধী দল অনেক পর সংসদে ফিরেছে। তাই তাদের কথা বলার পর্যাপ্ত সময় দিতে হবে। আর এ কারণেই সংসদে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠক করে সংসদ কত দিন চলবে, তা ঠিক করা হবে।