বিরোধী দল সংসদে ফেরায় অধিবেশনের মেয়াদ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের অধিবেশন ১ মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে সংসদের বৈঠক গতকাল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দল সংসদে ফেরায় অধিবেশনের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার বেসরকারি দিবসে বিরোধী দল অনুপস্থিত থাকায় অধিবেশনকক্ষ ছিল অনেকটাই নিষ্প্রাণ। সরকারি দলের উপস্থিতিও ছিল কম। অধিবেশনও চলেছে কম সময়। বেলা সোয়া তিনটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টার কয়েক মিনিট পরই অধিবেশন শেষ হয়ে যায়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে চারটি সিদ্ধান্ত প্রস্তাবের নিষ্পত্তি হয়। এরপর রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আলোচনায় সরকারি দলের সাংসদ, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, আকরাম হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন ও জাফর আলী সিদ্দিকী অংশ নেন। এরপর স্পিকার সংসদের বৈঠক ১ মার্চ পর্যন্ত মুলতবি করেন।এ ব্যাপারে স্পিকার প্রথম আলোকে বলেন, বিরোধী দল অনেক দিন পর সংসদে ফিরেছে। তাই তাদের কথা বলার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এ কারণেই সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক করে সংসদ কত দিন চলবে, তা ঠিক করা হবে।