জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে গতকাল কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা। মিছিলকারীরা প্রধান বিচারপতির এজলাসকক্ষের দরজার সামনে কয়েক মিনিট অবস্থানও করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিরোধী দল-সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জড়ো হন। পরে তাঁরা কালো পতাকা হাতে মিছিল নিয়ে আদালত ভবনের বারান্দা প্রদক্ষিণ করেন। একপর্যায়ে মিছিলটি প্রধান বিচারপতির এজলাসকক্ষের সামনে গিয়ে কয়েক মিনিট অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয়। সে সময় ওই এজলাসে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি চলছিল। পরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে সমিতি ভবনে ফিরে যান।পরে এক সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি জয়নুল আবেদীন, নতুন সম্পাদক মাহবুবউদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন। এ সময় নাসিরউদ্দিন আহমেদ, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম, রাগিব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ৪ এপ্রিল পর্যন্ত চলবে।এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আদালতের একটি আদেশ রয়েছে, আদালতের মধ্যে কেউ মিছিল বা বিক্ষোভ করতে পারবে না। যারা এ ধরনের কাজ করেছে, তাদের বিষয়টা আমলে আনা দরকার। এটা বিচারকাজকে বাধাগ্রস্ত করার শামিল।’অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২৮ মার্চ হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তাঁরা হলেন বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তবে নিয়োগে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘন’ করার অভিযোগ এনে ৩০ মার্চ জয়নুল আবেদীন সংবাদ সম্মেলনে নতুন বিচারপতিদের শপথ পড়ানো থেকে বিরত থাকার জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান।নবনিযুক্ত চার বিচারপতিকে গত রোববার শপথ পড়ান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। শপথ শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির পক্ষে সহসভাপতি এ কে এম সাইফুদ্দিন আহমেদ নতুন বিচারপতিদের সংবর্ধনা দেন। শপথকে কেন্দ্র করে সেদিন সকাল থেকে বেলা একটা পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশ করেন বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা। তাঁরা ওই সংবর্ধনায় অংশ না নিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গিয়ে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি দেন। সে অনুযায়ী গতকাল কালো পতাকা মিছিল কর্মসূচি হয়।