বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদ কার্যকর থাকলেই গণতন্ত্র ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সুসংহত হয়। সংসদকে কার্যকর করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত অর্থে বিরোধী দলই পারে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে। সংসদে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তারা সরকারকে সঠিকভাবে পরিচালিত করতেও ভূমিকা রাখতে পারেন।আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। স্পিকার তাঁর স্বাগত বক্তব্যে সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।স্পিকার বলেন, মতদ্বৈততা ভুলে দেশের স্বার্থে মহান সংসদকে জাতীয় সমঝোতা এবং সুশাসন প্রতিষ্ঠার কেন্দ্রে পরিণত করতে হবে। সংসদ হচ্ছে গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্র। তাই দলমত নির্বিশেষে সকল সংসদ-সদস্যকেই সংসদকে কার্যকর করার লক্ষ্যে কাজ করতে হবে।স্পিকার আবদুল হামিদ বলেছেন, রাজনীতির গুনগত পরিবর্তন ছাড়া সুশাসনের আবহ তৈরি হবে না। সুশাসনের পূর্বশর্তই হচ্ছে সংসদে যে কোন বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।