বিরোধী দলকে আবারও আহ্বান জানালেন সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে একমত হয়েছে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি। আর এ লক্ষ্যে আগামী ২ অক্টোবর আবারও কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের জন্য এখনো দরজা খোলা আছে। আমরা আশা করি তারাও এ ব্যাপারে মতামত দিয়ে সংবিধান সংশোধনে অংশ নেবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত আরও জানান, ‘সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আমরা আশা করি, আগামী বৈঠকে কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেবে। আমন্ত্রিত অতিথিদের বাইরেও যেসব সংবিধান বিশেষজ্ঞ আছেন, পর্যায়ক্রমে তাঁদের কাছ থেকেও মতামত নেওয়া হবে।’ উপস্থিত বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের দৃষ্টিতে পঞ্চম সংশোধনীসংক্রান্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়সহ এই দুটি রায় ও সংবিধানের সংগতি-অসংগতি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে সংবিধান সংশোধনের রেফারেন্স নিয়েও আলোচনা হয়েছে। এসব নিয়ে আমরা আরও আলোচনা করব।’ আজ বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের কেবিনেট-কক্ষে বিশেষ কমিটির সভায় সভাপতিত্ব করেন সংসদ উপনেতা ও কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী।কমিটির সদস্যরা ছাড়াও আইনমন্ত্রী শফিক আহমেদ এবং আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদও সভায় যোগ দেন। সভায় আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, এম জহির ও আজমালুল হোসেন কিউসি দেশের বাইরে থাকার কারণে সভায় উপস্থিত ছিলেন না। সভায় উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল-হক, সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ ও সাংসদ ফজলে নূর তাপস। উল্লেখ্য, আদালতের দেওয়া রায়ের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ২১ জুলাই জাতীয় সংসদে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে এ কমিটি গঠন করে সরকার।