বিরোধী দলকে আলোচনায় আসতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য বিরোধী দলকে আলোচনায় আসতেই হবে। এর কোনো বিকল্প নেই। আজ শনিবার জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত মহাজোট সরকারের দুই শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন তাঁদের বক্তব্যে এ কথা বলেন।হাসানুল হক ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি আলোচনায় যায়নি। মূলত তারা আন্দোলনের স্বার্থে এই ইস্যুটি জিইয়ে রাখতে চায়। সে জন্যই তারা সংবিধান সংশোধনের আলোচনায় অংশ নেয়নি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিকল্প একটি পদ্ধতি গ্রহণ করতেই হবে। সুতরাং আলোচনা অনিবার্য।হাসানুল হক আরও বলেন, ‘আমাদের সামনে সাম্প্রদায়িকতার ধারা থেকে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ ছিল। কিন্তু বিশেষ কমিটির সদস্য হিসেবে আমরা পুরোপুরি সফল হতে পারিনি। বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় চার মূলনীতি ফিরিয়ে আনার স্বার্থে জাসদ ও ওয়ার্কার্স পার্টি সংবিধান সংশোধন বিলে ভোট দিয়েছে। ধরে নেওয়া যায়, আমরা শুকতলাবিহীন জুতা পায়ে দিয়েছি। এতে কাঁটা থাকতেই পারে।’রাশেদ খান মেনন বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক তিনটি বিষয় সংবিধানে রয়ে গেছে। এ তিনটি হলো বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতির বিধান। আদিবাসীদের জন্য স্বীকৃতি আদায়েও আমরা ব্যর্থ হয়েছি। আমাদের ব্যর্থতার কারণেই সংবিধান সংশোধনের সাফল্য অনেকাংশে ম্লান হয়ে গেছে। যেটুকু অগ্রগতি হয়েছে, তা নিয়েই আমরা সংসদের ভিতরে-বাইরে আন্দোলন করে যাব।’ত্রয়োদশ সংশোধনী মামলার রায় হাতে পাওয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কেন বাতিল হলো? এ প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, রায়ের কপি হাতে পেতে ছয় মাস বা এক বছরও লেগে যেতে পারে। সে জন্যই কমিটি অপেক্ষা করেনি। তা ছাড়া রায়ের মূল বক্তব্য আমরা পেয়েছি। তাতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সে জন্যই আমরা বিএনপিকে সংসদে চেয়েছিলাম। মূলত বিএনপির অনুপস্থিতির কারণেই তত্ত্বাবধায়ক সরকার বা তার বিকল্প হিসেবে অন্য কোনো ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছি।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাংসদ ফজলে হোসেন বাদশা ও আমেনা আহমেদ উপস্থিত ছিলেন।