বিরোধী দলকে নির্বাচনের রূপরেখা তৈরির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন নিয়ে বিরোধী দলের কোনো বক্তব্য থাকলে তা সংসদে এসে উপস্থাপন করে নির্বাচনের রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘জাতীয় শোক দিবস উদ্যাপন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দিতে জনগণ আমাদের ম্যান্ডেট দেয়নি। নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বক্তব্য থাকলে সংসদে আসুন, নির্বাচনের রূপরেখা তৈরি করি। এর বাইরে অহেতুক আন্দোলন-সংগ্রামের নামে রাজপথে বিশৃঙ্খলা করে রাজনৈতিক ফায়দা দিতে চাই না।’খালেদা জিয়াকে উদ্দেশ করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করা থেকে বিরত থাকুন।’ জন্মদিনের নামে শোক দিবসে আনন্দ-উল্লাস করলে খালেদা জিয়াকে প্রত্যাখ্যানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নিজেকে বাঙালি ভাবতে পারেন না, নিজেকে সব সময় পাকিস্তানের এজেন্ট হিসেবে মনে করেন।’অনুষ্ঠানের প্রধান বক্তা আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধ, গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার যখন পরিণতির দিকে যাচ্ছে, তখন বিরোধী দল আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক।’ তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র করুন, এসব বিচার বাধাগ্রস্ত করতে পারবেন না।’বিরোধী দলকে ইঙ্গিত করে কামরুল ইসলাম বলেন, বিচার বিভাগকে তারাই প্রভাবিত করেছিল। ইনডেমনিটি বিল পাস করে দীর্ঘদিন বঙ্গবন্ধুর মামলার শুনানিতে তারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তিনি আরও দাবি করেন, বর্তমান বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।খালেদা জিয়ার উদ্দেশে তারানা হালিম বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুর মাজারে গিয়ে শ্রদ্ধা জানাবেন, তাহলে জনগণ বুঝবে আপনার দেশপ্রেম কেমন। আমাদের আন্দোলন-সংগ্রামের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।’আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক নারীনেত্রী ফাতেমাতুজ্জামান প্রমুখ।