বিরোধী দলকে নির্যাতন করায় সরকার সফল: আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, দুই বছরে সরকারের কোনো সাফল্য নেই। বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নামে নির্যাতন করায় সরকারের সফলতা রয়েছে।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘মহাজোট সরকারের দুই বছর, সংকটের আবর্তে বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এম কে আনোয়ার বলেন, ’দেশে বর্তমান সরকারের একদলীয় শাসনব্যবস্থা অতীতের সব দুঃশাসনকে ছাড়িয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ ও মানবাধিকার কমিশন অকার্যকর। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ভয়ভীতি দেখিয়ে সরকার কাজ করতে দিচ্ছে না। তারা বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছে।’ পুঁজি বাজারের অস্থিরতার জন্যও সরকারকে দায়ী করেন তিনি।আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।