বিরোধী দলকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবন ধসের ঘটনাকে কেন্দ্র করে হরতাল প্রত্যাহার করায় বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের শুরুতে তিনি এ ধন্যবাদ জানান।অধিবেশনের শুরুতে সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী। এরপর প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরু হলে তিনি সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি বলেন, সাভারে আটতলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত ৬৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০০ জন। আহত লোকজনের মধ্যে ৫৮০ জনকে সাভারের এনাম হাসপাতালে এবং বাকিদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিরোধী দলকে ধন্যবাদ জানাই, কারণ হরতাল ছিল। হরতাল প্রত্যাহার না হলে পানি সরবরাহ এবং গাড়িতে আহতদের হাসপাতালে পাঠাতে অসুবিধা হতো।’ প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী উদ্ধারকাজে নেমেছে। সাভারের সর্বস্তরের মানুষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উদ্ধার কাজে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা থেকে সব ধরনের সহায়তা পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, মৃতদেহগুলো তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। যাঁরা আটকে পড়েছেন, তাঁদের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ভবনের ভেতর আটকে পড়া লোকজনের জন্য অক্সিজেন ও পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।