বিরোধী দলকে যুক্ত করতে সরকারের প্রতি সম্পাদকদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলকে যুক্ত করা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে সংবিধানের এই সংশোধন প্রশ্নবিদ্ধ হতে পারে। আজ বুধবার জাতীয় দৈনিকের সম্পাদকেরা বিরোধী দলকে আলোচনায় আনার জন্য সরকারকে আবারও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।সংবিধান সংশোধনের ওপর মতামত দিতে গিয়ে আজ বিভিন্ন জাতীয় দৈনিকের বেশির ভাগ সম্পাদক এ প্রক্রিয়ায় বিরোধী দখলে যুক্ত করার কথা বলেন। সংবিধান সংশোধনে গঠিত সংসদের বিশেষ কমিটির সঙ্গে তাঁরা বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের দ্বিতীয় তলার কেবিনেট কক্ষে বৈঠকে বসেন। বৈঠক চলে বেলা দুইটা পর্যন্ত। কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এতে সভাপতিত্ব করেন।বৈঠকে বেশির ভাগ সম্পাদক সংসদের আসনসংখ্যা বাড়ানো, সংরক্ষিত নারীদের আসন ৪৫ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব দেন। এসব আসনে নারীদের সরাসরি ভোটের কথাও বলেন তাঁরা। বেশির ভাগ সম্পাদক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তাঁরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সাংসদদের সংসদে স্বাধীনভাবে কথা বলা অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।বৈঠকে যোগ দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের গোলাম সারওয়ার, কালের কণ্ঠের আবেদ খান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, আমাদের সময়ের নাইমুল ইসলাম খান, ডেইলি সানের সৈয়দ আনোয়ার হোসেন, ভোরের কাগজের শ্যামল দত্ত, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, দৈনিক খবরের মিজানুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, নয়াদিগন্তের আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের শাজাহান সরদার, যুগান্তরের সালমা ইসলাম, জনকণ্ঠের আতিকুল্লাহ খান মাসুদ, নিউ এইজের নুরুল কবীর, নিউজ টুডের রিয়াজউদ্দিন আহমেদ ও ইনকিলাবের এ এম এম বাহাউদ্দিন উপস্থিত ছিলেন।এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংবিধান সংশোধন বিষয়ে তাদের দলীয় লিখিত প্রস্তাব বিশেষ কমিটির কাছে হস্তান্তর করে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংসদ ভবনে এসে কমিটির কাছে প্রস্তাবটি জমা দেন। প্রস্তাবে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ন রাখার সুপারিশ করা হয়। একই সঙ্গে রাষ্ট্রের চার মূলনীতি থেকে বিন্দুমাত্র সরে আসার অধিকার কারও নেই বলে উল্লেখ করা হয়।গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত ওই কমিটি নিজেদের মতামতের বাইরে রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী ও বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়েছে।