বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেত্রীকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ষড়যন্ত্র ও নেতিবাচক সাংঘর্ষিক পথ ছাড়ুন। সংসদে এসে বাজেটের ওপর ইতিবাচক প্রস্তাব পেশ করুন। ভালো প্রস্তাব থাকলে গ্রহণ করা হবে।’ গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক রীতি অনুযায়ী বাজেট পেশের উপযুক্ত স্থান জাতীয় সংসদ। কিন্তু বিরোধীদলীয় নেত্রী সংসদের বাইরে ‘বিকল্প বাজেট’ উপস্থাপন করে সংবিধান ও গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করেছেন। যেখানে বাজেট পাসও হবে না, বিতর্ক হবে না, আলোচনা হবে না, সেখানে কেন ‘বিকল্প বাজেট’ পেশ করতে গেলেন, তা বোধগম্য নয়। তবে সংসদে দায়িত্ব নিয়ে সত্য কথা বলতে হয়, মিথ্যা বলার সুযোগ নেই। বিরোধীদলীয় নেত্রীর বক্তব্য মিথ্যায় ভরা। তাই তিনি সংসদে না এসে বাইরে কথা বলতে পছন্দ করেন।১/১১-এর জন্য খালেদা-ইয়াজউদ্দিন দায়ী: এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ১/১১-এর জন্য এক নম্বর দায়ী খালেদা জিয়া, আর দুই নম্বর দায়ী ইয়াজউদ্দিন। এ ঘটনার জন্য কারও বিচার করতে হলে আগে তাঁদের বিচার করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই উল্লেখযোগ্যসংখ্যক যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে।বর্তমান সরকারের ১৭ মাসের সাফল্যের বিবরণ তুলে ধরে সৈয়দ আশরাফ অভিযোগ করেন, অভিনব কায়দায় বাজেট পেশের নামে চমক সৃষ্টি করে বাহবা নিতে চাইছেন খালেদা জিয়া। তিনি সরকারের কল্পিত ব্যর্থতার মনগড়া কাহিনি প্রচার করছেন। সৈয়দ আশরাফ প্রশ্ন রেখে বলেন, খালেদা জিয়া ও জেনারেল জিয়া মিলে ১৭ বার বাজেট প্রণয়ন করে দেশের বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্যদূরীকরণ ও যানজটসহ জনজীবনের নিরাপত্তা বিধানের মতো মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে পারলেন না কেন? তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী অতীত থেকে কিছুই শিক্ষা নেননি। ক্ষমতার মোহ তাঁকে অন্ধ করে ফেলেছে। সম্প্রতি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নস্যাৎ, সংসদ অকার্যকর ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং হরতালের কর্মসূচি দিয়েছেন। বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে সরকারের বাজেটের ওপর আলোচনা ও গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদে ফিরে আসার কোনো বিকল্প নেই। বিগত সংসদ অধিবেশনে শুধু ‘সংসদ সদস্যপদ’ রক্ষার জন্যই বিরোধী দল সংসদে এসেছিল। আবার যখন সদস্যপদ রক্ষার প্রয়োজন হবে, তখন নতুন কোনো অজুহাত তুলে তাঁরা হয়তো সংসদে ফিরেও আসতে পারেন অথবা সংসদীয় গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করতে পারেন।সংবাদ সম্মেলনে নূহ-উল আলম লেনিন, বি এম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।