বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ ও গণতন্ত্রকে আরও কার্যকর করতে ‘রাজপথের পরিবর্তে সংসদে এসে কথা বলা’র জন্য প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন আজ সোমবার গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিরোধী দলের প্রতি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রকে আরও কার্যকর করার জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ইতিমধ্যেই সরকার জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাক্ষাত্কালে তাঁরা গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।এ সময় স্টিফেন ফ্রোয়েন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তাঁর ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইতিবাচক ভূমিকায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। স্টিফেন বলেন, ইইউ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে দক্ষিণাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থন ও সহযোগিতা করায় ইইউকে ধন্যবাদ জানান।সঠিক একটি ভোটার তালিকা প্রণয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে স্টিফেন ফ্রোয়েন বলেন, জাতীয় পরিচয়পত্রসহ নির্ভুল ভোটার তালিকা প্রণীত হয়েছিল বলেই অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছিল।প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই।শেখ হাসিনা বলেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে সরকার স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করে প্রশাসন বিকেন্দ্রীকরণের উদ্যোগ গ্রহণ করেছে।এ সময় অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।