প্রধান বিরোধী দল বিএনপিকে সংসদে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে সরকারি দল আওয়ামী লীগ। এ জন্য সংসদের চিফ হুইপ আবদুস শহীদ আজ বৃহস্পতিবার দুপুরে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের সঙ্গে আকস্মিক বৈঠক করেন। সংসদ ভবনে বিরোধী দলের চিফ হুইপের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রায় আধা ঘণ্টার এ বৈঠকে বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান সংসদের চিফ হুইপ। একই সঙ্গে তিনি এ ব্যাপারে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথাও বিরোধীদলীয় হুইপকে অবহিত করেন। এ বৈঠকের আগে আবদুস শহীদ টেলিফোনে কথা বলেন বিরোধী দলের চিফ হুইপের সঙ্গে। সংসদের চিফ হুইপ বিরোধী দলকে সংসদে এসে তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত বলার আহ্বান জানিয়ে বলেন, স্পিকার এ ব্যাপারে সব সময়ই বিরোধী দলকে সময় দিতে প্রস্তুত। প্রসঙ্গত, আগামী সোমবার সংসদের শরত্কালীন অধিবেশন শুরু হবে।বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, সরকার আন্তরিকভাবে চায় বিরোধী দলের সদস্যরা সংসদে এসে তাঁদের কথা বলুক। কারণ সংসদে জনগণের কথা বলার প্রতিশ্রুতি দিয়ে তাঁরা সাংসদ নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও বিরোধী দলের সদস্যদের ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রী চান সংসদের সব ধরনের কার্যক্রমে বিরোধী দলের সদস্যরা অংশ নিক। আর সে জন্যই তিনি নিজে বিরোধী দলের চিফ হুইপের সঙ্গে সাক্ষাত্ করে তাঁদের অধিবেশনে ফিরতে বলেছেন।বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিরোধী দল তো সংসদ বর্জন করেনি। বিভিন্ন দাবিতে সংসদে যাচ্ছে না। এখন সরকারবিরোধী দলের ন্যায়সঙ্গত দাবি মেনে নিলেই তাঁরা সংসদে ফিরবেন।