বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নবম অধিবেশন আজ রোববার বিকেল সোয়া চারটায় শুরু হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি অধিবেশনে যোগ দেয়নি। সংসদের এ অধিবেশন মধ্য জুলাই পর্যন্ত চলবে।আজ দুপুরে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভায় সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া দুজনই অনুপস্থিত ছিলেন। দুই নেত্রীই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে খালেদা জিয়া এ পর্যন্ত কার্য-উপদেষ্টা কমিটির সব বৈঠকেই অনুপস্থিত ছিলেন।অধিবেশনের শুরুতেই বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সংসদে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে এসে তাদের রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার আহ্বান জানাচ্ছি।’বিরোধী দলকে উদ্দেশ করেন স্পিকার আরও বলেন, ‘মনে রাখতে হবে, সংসদ যত কার্যকর হবে, গণতন্ত্রও তত শক্তিশালী হবে। তাই সব সদস্যকে সংসদমুখী হতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’এর আগে স্পিকার বলেন, ‘বর্তমান সংসদের এই অধিবেশনেই বাজেট উপস্থাপিত হবে। সংসদীয় পদ্ধতিতে বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ২০১১-২০১২ আর্থিক বছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে এটিকে আরও অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবেন।’স্পিকার আরও বলেন, ‘সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং তা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে।’স্পিকারের বক্তব্যের পর এ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।