বিরোধী দলকে সরকার সহ্য করতে পারছে না: খন্দকার মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার বিরোধী দলকে সহ্য করতে পারছে না। তাই খালেদা জিয়ার নেতৃত্বে তাঁদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।আজ রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের অঙ্গীকার হবে ভবিষ্যতে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনা ও এই অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করা।’ তিনি দাবি করেন, দেশের জনগণ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় বসাতে প্রস্তুত হচ্ছে।এর পর স্বাধীনতা দিবসে রাজধানীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে বিএনপি। আজ বিকেল চারটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়। বাদ্য বাজিয়ে আর নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকে নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা। ঢাকার আশপাশের জেলা থেকেও ট্রাক মিছিল নিয়ে আসেন অনেকে। দলের নেতা-কর্মীরা দলীয় প্রধান খালেদা জিয়া, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবিসংবলিত পোস্টার নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।শোভাযাত্রার সামনে ছিল বিশাল আকৃতির জাতীয় পতাকা, এরপর দলীয় পতাকা। সামনের সারিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটির সদস্যরা। রাজধানী ও আশপাশের জেলার কয়েক হাজার নেতা-কর্মী শোভাযাত্রায় অংশ নেন।বিএনপির শোভাযাত্রায় উঠে আসে আবহমান বাংলার রূপ। কৃষকের ধান কাটা, গ্রামের বিয়ের উত্সব, নবান্ন উত্সব, ঢেঁকিতে ধান ভানাসহ নানা বিষয় তুলে ধরা হয় শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কাউকে সরকারবিরোধী স্লোগান দিতেও দেখা গেছে। প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ট্রাক, ভ্যান ও ঘোড়ার গাড়িতে করে মেতে ওঠেন আনন্দ উল্লাসে।