বিরোধী দলকে হেয় করার চেষ্টা করছে দুদক
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ‘পাচার’ করা অর্থ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ফেরত আনার ঘটনাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। এর মাধ্যমে দুদক বিরোধী দলকে হেয় করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছে দলটি।আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে গুরুতর আহত শরীয়তপুরের বিএনপির এক কর্মীকে দেখতে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি এসব অভিযোগ করেন। খবর ইউএনবির।মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বর্তমান দুর্নীতি দমন কমিশন সরকারের এজেন্টে পরিণত হয়েছে। তারা (দুদক) সরকারের নির্দেশে বিরোধী দলের মর্যাদা খর্ব করার কাজে নেমেছে।’মির্জা ফখরুল বলেন, ডেসটিনি ও হল-মার্ক দুর্নীতি, সরকারি দলের নেতাদের শেয়ার কেলেঙ্কারি—এসবের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হলেও দুদক এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।এর আগে গতকাল বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের জানান, কোকো ও তাঁর সহযোগীদের পাচার করা প্রায় ১৩ কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘দুদকের অর্থ উদ্ধারের এ ঘটনা বিরোধী দলের নেতা-কর্মীদের চরিত্র হরণের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’